হরতালে নেতা ও পুলিশের ফলের রস বিনিময়
লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল বৃহস্পতিবার হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীরা কোনো মিছিল বের করেননি। দলীয় কার্যালয়ে বসেই সময় কাটিয়েছেন। কার্যালয়টি ঘিরে রেখেছিল পুলিশ। এ সময় পুলিশ ও নেতা-কর্মীরা পরস্পরকে ফলের রস পান করাতে দেখা যায়।উপজেলা বিএনপির কয়েকজন কর্মী জানান, সকাল থেকেই দলের কার্যালয় ঘিরে রাখে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিস ও মোমিন বিএনপির কার্যালয়ের ভেতরে ফলের রস পাঠান। এরপর বিএনপির নেতা আশরাফ আলী ও আবু বক্কর সিদ্দিকও পুলিশকে ফলের রস দেন।নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের কয়েকজন ক্ষুব্ধ কর্মী বলেন, সারা দেশে যখন পুলিশের বাধা উপক্ষো করে বিএনপি হরতাল পালন করছে, তখন হাতীবান্ধায় পুলিশের দেওয়া ফলের রস খেতে খেতে মিছিলই বের করতে পারলেন না দলীয় নেতারা। অথচ আওয়ামী লীগ সারা দিনই খণ্ড খণ্ডভাবে হরতালবিরোধী মিছিল করেছে। এসব দেখে সাধারণ নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ বসে থেকে ক্ষুব্ধ হয়ে চলে যান।হাতীবান্ধা থানার এসআই আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা আমাদের ফলের রস খেতে দিয়েছিলেন। এরপর আমরাও তাঁদের ফলের রস দিই। আমরা তো কারও প্রতিপক্ষ নই।’উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘আমরা অফিসের ভেতরে ছিলাম, বাইরে পুলিশ ঘিরে ছিল। তাই মিছিল করতে পারিনি।’ ফলের রস বিনিময় প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু নেতা-কর্মী ফলের রস খাচ্ছিলেন। এ সময় পুলিশ মজা করে তাঁদের কাছে জুস খেতে চাইলে কয়েকজন নেতা তাঁদেরও জুস খেতে দেন।’