হরতালে নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবারের হরতালের সময় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সিপিবি ও বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখা গতকাল বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ করে। জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় ‘পরিবহন সন্ত্রাসীদের’ হামলায় সিপিবির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় উপদেষ্টা মন্টু ঘোষ ও গার্মেন্ট শ্রমিকনেতা মাহবুবুর রহমান ইসমাইলসহ ১৫ জন নেতা-কর্মী আহত হন। এ ছাড়া শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশি হামলায় সিপিবির নেতা হাফিজুল ইসলাম ও বাসদের নেতা অসিত বরণ বিশ্বাসসহ ১০ নেতা-কর্মী আহত হন। বক্তারা অভিযোগ করেন, পরিবহন মালিকেরা হরতাল বানচাল করার জন্য সন্ত্রাসীদের পাহারায় বেশ কয়েকবার শহরের ভেতরে বাস চালানোর চেষ্টা করেছেন। কিন্তু জনগণ সন্ত্রাসীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরতাল সফল করেছে। বক্তারা নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা ও বিচার দাবি করেন। সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।