সিলেটে হরতাল চলাকালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার হীন পরিকল্পনায় পরীক্ষার সময় হরতাল ডাকা হয়। কিন্তু হরতালেও সুষ্ঠুভাবে পরীক্ষা চলেছে। যারা হরতাল ডেকে পরীক্ষা ভণ্ডুল করতে চায়, তাদের দিন শেষ। তাই হরতালের মধ্যেই সিলেট ও কক্সবাজারে চ্যালেঞ্জ নিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। হরতালে পরীক্ষা বন্ধ রাখার দিন শেষ।’শিক্ষামন্ত্রী গতকাল রোববার সকালে সিলেটের আটটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে সঙ্গে নিয়ে তিনি এসএসসির পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। হরতাল উপেক্ষা করে পরীক্ষাকেন্দ্রে আসায় তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।জামায়াত-শিবিরের ডাকে গতকাল সিলেটে অর্ধদিবস ও কক্সবাজারে পূর্ণদিবস হরতাল পালন করা হয়। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান বলেন, ‘হরতাল চলাকালে এই প্রথম এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে। অভিভাবক ও শিক্ষকদের সচেতনতায় হরতালের কারণে সিলেটের কোথাও পরীক্ষার ব্যাঘাত ঘটেনি। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে।’ পরে দুপুরে শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সব সাংগঠনিক কমিটির নেতাদের সমন্বয়ে বিশেষ সভায় যোগ দেন।