হরতালে পাইকার নেই, চাল নিয়ে বিপাকে চালকল মালিকেরা
হেফাজতে ইসলাম, বিএনপি ও জামায়াত-শিবিরের টানা হরতালের নেতিবাচক প্রভাব পড়েছে শেরপুর জেলার চালের বাজারে। পাইকারি ক্রেতার অভাবে উৎপাদিত চাল নিয়ে বিপাকে পড়েছেন চালকলের মালিকেরা।হরতালের কারণে চলতি মাসের প্রথম দেড় সপ্তাহে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ক্রেতারা আসতে না পারায় স্থানীয় বাজারে চালের দাম কমে গেছে। এতে চালকলের মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্রেতার অভাবে চাল বিক্রি করতে না পারায় চালকলের মালিকেরাও চাতাল বন্ধ রেখেছেন। এতে বেকার হয়ে পড়েছেন প্রায় পাঁচ হাজার শ্রমিক।জেলা চালকল মালিক সমিতি ও জেলা চাল আড়ত ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, খাদ্যে উদ্বৃত্ত শেরপুর জেলার পাঁচ শতাধিক চাতালে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন চাল উৎপাদন করা হয়। উৎপাদিত চালের ৯০ শতাংশ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এবং অবশিষ্ট চাল স্থানীয় বাজারে বিক্রি করা হয়। কিন্তু গত সপ্তাহে টানা চার দিন হরতালের কারণে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকায় শেরপুর থেকে জেলার অন্যত্র চাল সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে উৎপাদিত চাল অবিক্রীত পড়ে আছে। সেই সঙ্গে জেলা সদরসহ স্থানীয় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে চালের দাম মণপ্রতি ১০০ টাকা কমে গেছে।১০ এপ্রিল দুপুরে শেরপুর জেলা শহরের কান্দাপাড়া, নওহাটা, দীঘারপাড়, ঢাকলহাটি ও শীতলপুর এলাকার বিভিন্ন চালকল ঘুরে দেখা গেছে, অধিকাংশ চাতালই বন্ধ। অনেক চালকলের গুদামে আমন মৌসুমে উৎপাদিত পাইজাম, নাজিরশাইল ও সুগন্ধি চাল অবিক্রীত পড়ে রয়েছে।জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রওশন বলেন, অধিকাংশ চালকল মালিকই ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করেন। কিন্তু প্রায় দেড় মাস ধরে হরতালের কারণে তাঁদের ধান-চাল ব্যবসায় ধস নেমেছে। এতে চালকলের মালিকেরা আর্থিক ক্ষতিসহ ব্যাংকঋণ পরিশোধে চরম সংকটের মুখে পড়েছেন।জেলা চাল আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি প্রিয়তোষ চন্দ্র সরকার বলেন, হরতালের কারণে ঢাকা থেকে পাইকারেরা চাল কিনতে আসছেন না। এমনকি এর আগে যেসব চাল বিভিন্ন ব্যবসায়ীর কাছে বাকিতে বিক্রি করা হয়েছে, হরতালের কারণে তাঁরাও টাকা পরিশোধ করতে পারছেন না। জেলা চাতাল শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আবদুল হামিদ বলেন, হরতালের কারণে চাল বিক্রি না হওয়ায় শেরপুরের চাতালগুলো বন্ধ রয়েছে। এতে জেলার পাঁচ হাজার চাতাল শ্রমিক বেকার হয়ে পড়েছেন।শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, হরতালে নিরাপত্তাজনিত কারণে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকায় শেরপুরের চাল ব্যবসায়ীরা জেলার বাইরে চাল সরবরাহ করতে পারছেন না। এতে তাঁরা আর্থিক সংকটে পড়ছেন।