হরতালে পাল্টাপাল্টি ধাওয়া যানবাহনে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা গতকাল বৃহস্পতিবারের হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, গাজীপুর সদর ও কালিয়াকৈর থেকে মোট ১০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে দুজনকে এবং খানপুর এলাকা থেকে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গাজীপুর সদরের বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে জামায়াত-শিবিরের পাঁচ এবং কালিয়াকৈরের বড়ইতলী এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে দুই কর্মীকে আটক করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ: গতকালের হরতালে সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের সময় পিকেটাররা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তারা সড়কে জ্বালানি তেলের ড্রামে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে শটগানের ফাঁকা গুলি ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে। এসব ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের তিনজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় জামায়াত-শিবির হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে। এ সময় পিকেটাররা মহাসড়কে ১০-১২টি জ্বালানি তেলের প্লাস্টিকের ড্রাম এনে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি কাভার্ড ভ্যানেও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে। এ সময় দুজনকে আটক করা হলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় পিকেটাররা। সিদ্ধিরগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে সদর মডেল থানার পুলিশ অনেক লাঠিসহ শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।গাজীপুর: জামায়াত-শিবিরের ডাকা হরতাল গাজীপুরে ঢিলেঢালাভাবে পালিত হয়। জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এমকামরুজ্জামান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। একই অভিযোগে কালিয়াকৈর উপজেলা বড়ইতলী এলাকা থেকে সকালে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটকের কথা জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান।টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই সরকার দলীয় নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করেন। টঙ্গী মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, যান চলাচল স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি।