হরতালে পিকেটার সেজে ছিনতাই-ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় পিকেটিংয়ের নামে সড়ক-মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন 

আটকে চালক ও যাত্রীদের কাছ থেকে অর্থসহ মালামাল লুট করা হচ্ছে। পাবনা, নাটোর ও বগুড়ার বিভিন্ন সড়কে গত কিছুদিন এ
রকম অনেক ঘটনা ঘটেছে। সংবাদপত্র বহনকারী গাড়িও লুট করা হচ্ছে। বেশির ভাগ ঘটনা ঘটছে রাতে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘন ঘন হরতালের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। ফলে রাতের বেলা সড়ক-মহাসড়কে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের টহল একেবারে কমিয়ে ফেলা হয়েছে। এই সুযোগে ডাকাত ও ছিনতাইকারীরা পিকেটার সেজে লুটপাট করছে।

উত্তরবঙ্গে সংবাদপত্র সরবরাহকারী পদ্মা পরিবহনের ব্যবস্থাপক আহসান হাবিব জানান, গত রোববার রাতে তাঁর প্রতিষ্ঠানের একটি গাড়ি বগুড়া থেকে প্রথম আলো পত্রিকা নিয়ে নাটোর হয়ে পাবনার ঈশ্বরদী যাচ্ছিল। ভোররাত চারটার দিকে পাবনা-নাটোর মহাসড়কের নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় পিকেটার সেজে ছিনতাইকারীরা সড়কে গাছ ফেলে গাড়িটির গতিরোধ করে। এরপর গাড়ির চালক ও দুই শ্রমিককে মারধর ধরে তাঁদের তিনটি মুঠোফোন, নগদ চার হাজার টাকা ও এক বান্ডিল পত্রিকা নিয়ে পালিয়ে যায়। হরতালের সময় রাতের বেলা সড়কে এ ধরনের ঘটনার শিকার একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ ধরনের ঘটনা বেশি ঘটছে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া চিনিকল এলাকায়, পাবনা-নাটোর মহাসড়কের রাজাপুর এলাকায় ও সুজানগর-নাজিরগঞ্জ সড়কের কয়েকটি এলাকায়।

ঘটনার শিকার কয়েকজন নছিমনচালক জানান, হরতালে সড়কে বড় কোনো যানবাহন চলে না। তাই জরুরি প্রয়োজনে অনেকেই ইঞ্জিনচালিত নছিমন-করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করেন। এসব যাত্রীদের নিয়ে দিনের বেলায় সড়কে চলাচলে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু রাত হলেই শুরু হয় ডাকাতি। পিকেটিংয়ের নামে কিছু যুবক সড়কে গাছ ফেলে যানবাহন আটকে মারধর করে ও যার কাছে যা পায় লুট করে নিয়ে যায়।

পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার নছিমনচালক আবু তাহের জানান, ৪ নভেম্বর হরতালের সময় রাত ১১টার দিকে তিনি ঈশ্বরদী থেকে ছয়জন যাত্রী নিয়ে পাবনা যাচ্ছিলেন। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া চিনিকল এলাকায় কয়েকজন যুবক তাঁদের আটকে প্রথমে মারধর করে। পরে তাঁদের কাছ থেকে সাতটি মুঠোফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পাবনার সুজানগর উপজেলা সদরের রেজাউল ইসলাম জানান, একই রাতে তিনি ঢাকা থেকে ট্রেনে এসে ঈশ্বরদী স্টেশনে নামেন। এরপর ব্যাটারিচালিত একটি অটোরিকশায় আরও কয়েকজনের সঙ্গে সুজানগর যাচ্ছিলেন। পথে পিকেটার সেজে কয়েক যুবক তাঁদের অটোরিকশা আটকে পাঁচজন যাত্রীর মুঠোফোন ও নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ঈশ্বরদীর মুলাডুলি কাঁচাবাজার সমবায় সমিতির সভাপতি আবদুল হামিদ জানান, রোববার গভীর রাতে নাটোরের রাজাপুর এলাকার কাছে মহাসড়ক অবরোধ করে দুর্বৃত্তরা দুটি ট্রাক থেকে টাকাপয়সা ছিনিয়ে নেয়। গত সপ্তাহের হরতালের সময় মুলাডুলি রেলগেট ও বাজার এলাকা থেকে গভীর রাতে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা অন্তত ৫০টি সবজিবাহী গাড়ি থেকে টাকাপয়সা লুট করে নেয়।

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেঞ্চদ প্রথম আলোকে বলেন, রাতে সড়কে পুলিশের টহল থাকে। এর পরও এ ধরনের ঘটনা এড়াতে টহল আরও বাড়ানো হবে।

নাটোরে হরতাল-সমর্থকেরা প্রায় রাতে নাটোর-পাবনা সড়কের কয়েনবাজার, ধানাইদহ ও রাজাপুর অংশে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখছেন। ফলে পুলিশের গাড়ি ওই সব এলাকা দিয়ে যাতায়াত করতে পারছে না। রোববার রাতে বড়াইগ্রামের আহমঞ্চদপুরে একদল ডাকাত একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করে। পালাতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে চালক সাহাদত হোসেন আহত হন।

৬ নভেম্বর ভোরে একদল ছিনতাইকারী নয়াবাজার এলাকায় গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করলে পুলিশ নুরুজ্জামান নামের এক যুবককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছর সাজা দেওয়া হয়।

নাটোরের পুলিশ সুপার নাহিদ হোসেন বলেন, ‘পিকেটিংয়ের নামে ছিনতাই-ডাকাতির কয়েকটি অভিযোগ আমরাও পেয়েছি। হরতালের সময় বেশির ভাগ পুলিশ জনগুরুত্বপূর্ণ স্থানে নিয়োজিত রাখায় সম্ভবত এ ধরনের ঘটনা ঘটছে। এখন এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।’

হরতাল চলাকালে ৬ নভেম্বর বেলা ১১টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার বাসিন্দা ফরিদ উদ্দিন রিকশায় করে যাওয়ার সময় গোয়ালগাড়ী এলাকায় পাঁচ-ছয়জন যুবক চাপাতি হাতে নিয়ে তাঁর পথরোধ করে। হরতালের মধ্যে বের হওয়ায় তাঁর সঙ্গে হম্বিতম্বি করে যুবকেরা তাঁর ও রিকশাচালকের মুঠোফোন ও টাকাপয়সা কেড়ে নেয়।

গত রোববার হরতালের সময় শহরের খান্দার এলাকায় মোহামঞ্চদ আলী নামের এক সরকারি কর্মচারীর কাছ থেকে মুঠোফোন ও টাকা কেড়ে নেয় পিকেটারবেশী ছিনতাইকারীরা।

বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, হরতালে পুলিশ এত ব্যস্ত থাকছে যে, সড়কে টহলের জন্য আলাদাভাবে পুলিশ রাখা সম্ভব হচ্ছে না।

[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া; পাবনা অফিস এবং নাটোর ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি]