
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গতকাল বুধবার শিবিরের কর্মীদের গুলিতে পুলিশের সদস্য মো. ইকবাল হোসেন আহত হওয়ার ঘটনায় সাতকানিয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আটজন কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মধ্যম কাঞ্চনা এলাকার ছগির আহমদ (৪৫), একই এলাকার নুরুল ইসলাম (৫৫), শওকত আলম চৌধুরী (৩৫), নুরুল হুদা (২৭), কাঞ্চনা ইউনিয়নের মহুরীপাড়া এলাকার আবদুল মাজেদ (৪৫), এওচিয়া ইউনিয়নের ফকিরপাড়ার নেজাম উদ্দীন (১৮), একই এলাকার আবদুর রহিম (১৮) ও বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি আশকরিপাড়া এলাকার আবু ছিদ্দিক (১৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ চৌধুরী বলেন, পুলিশের সদস্য ইকবাল আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চলছে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা বলেন, আসামিদের ধরতে যেকোনো ধরনের অপারেশন চালাতে তাঁরা প্রস্তুত।
গতকাল হরতালের সময় সাতকানিয়ার জোটপুকুরিয়া-ফুলতলা এলাকায় শিবিরের কর্মীদের গুলিতে গুরুতর আহত হন পুলিশের সদস্য ইকবাল হোসেন। গুলি তাঁর বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়।