হরতালে পুলিশকে সহনশীল থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অতি উৎসাহী হয়ে কেউ যাতে বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার না করে, সে জন্য সতর্কতার সঙ্গে তাদের কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, হরতাল করা যেমন রাজনৈতিক অধিকার, তেমনি না করাও একটি অধিকার। তাই হরতালের পক্ষে যাঁরা কাজ করবেন, তাঁদের সঙ্গে পুলিশকে কোনো ধরনের খারাপ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তবে কাউকে জোর করে হরতাল পালনে বাধ্য করার চেষ্টা করা হলে অবশ্যই পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ চাঞ্চল্যকর মামলাগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয় থেকে জানানো হয়, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা ও দশ ট্রাক অস্ত্র মামলার তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বৈঠকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের আন্তর্জাতিক ক্রয়সংক্রান্ত বিষয়ে গঠিত উপকমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। তবে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আবদুস সালামের সভাপতিত্বে কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মির্জা আজম, মুজিবুল হক, হাবিবর রহমান, নূরুল ইসলাম সুজন, সানিজদা খানম ও সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।