হরতালে পুলিশের ব্যাপক লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ব্যাপক লাঠিপেটা আর ধরপাকড়ের মধ্য দিয়ে গতকাল রোববার সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। অনেক স্থানে হরতাল-সমর্থনকারীদের রাস্তায়ই নামতে দেয়নি পুলিশ।খুলনা, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে পুলিশের লাঠিপেটায় অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আটক হয়েছেন অর্ধশতাধিক নেতা-কর্মী। হরতালে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। যানবাহন চলাচল ছিল কম। তবে সব জায়গায় অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল নগণ্য।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রামে সংঘর্ষে ছয় পুলিশসহ আহত ৫০: বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ছয় পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। তাঁদের মধ্যে রয়েছেন নগর বিএনপির সাবেক মহিলা সাংসদ রোজী কবির, এম শামসুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।পুলিশ সূত্র জানায়, বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ চলাকালে সিএনজিচালিত একটি অটোরিকশায় ঢিল ছোড়া নিয়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঢিল নিক্ষেপকারীদের তাড়া করলে দলীয় কর্মীরা পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করেন। নেতাদের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশ বেপরোয়া লাঠিপেটা শুরু করে। পরে পুলিশ নাসিমন ভবনে ঢুকে লাঠিপেটা করে। প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘটনার জন্য পুলিশকে দায়ী করে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে দুই শতাধিক নেতা-কর্মী আহত হন।’সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, এএসআই হাবিব, কনস্টেবল সাইদুর, আরমান, রিপন ও আলতাফ।খুলনা: সকালে নগরের পিকচার প্যালেস মোড় ও পিটিআই মোড়সহ বেশ কয়েকটি মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশের লাঠিপেটায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলমসহ অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি ও জামায়াতের কমপক্ষে ১৩ জন কর্মীকে আটক করেছে।বরিশাল: ছাত্রদলের কর্মীরা ভোররাত থেকে নগরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু করেন। পরে মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার লঞ্চযোগে বরিশালে পৌঁছালে তাঁর নেতৃত্বে মিছিল বের হয়। হরতাল চলাকালে কাশিপুর, কাগাশুরা, লাকুটিয়া ও রহমতপুরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। ভাঙচুর করা হয় নগরের হাতেম আলী কলেজ-সংলগ্ন আওয়ামী লীগের একটি কার্যালয়। পুলিশ পিকেটিংয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১২ জন নেতা-কর্মী আহত হয়। বিভিন্ন স্থান থেকে আটক করা হয় অন্তত ১০ জনকে।রংপুর: শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে দুপুরে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে। এতে বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হন। পরে বিএনপির নেতা-কর্মীরা আবার জড়ো হওয়ার চেষ্টা করলে দ্বিতীয় দফা সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচজন আহত হন।নারায়ণগঞ্জ: শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বিএনপির নেতা-কর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকেন। পরে মিছিল নিয়ে ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার সময় বঙ্গবন্ধু সড়কে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হন। আটক করা হয় শহর বিএনপির যুগ্ম সম্পাদক মাকসুদুল আলম খন্দকার, জেলা যুবদলের সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ ও শহর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রানা মজিবসহ নয়জনকে।সাতক্ষীরা: শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করেন। নিউমার্কেট এলাকায় ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা বিএনপির সহসম্পাদক আবদুর কাদেরসহ পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে বিএনপির ১৪ জন কর্মীকে আটক করেছে পুলিশ। বরগুনা: সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয় ঘিরে রাখে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের নেতা-কর্মীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে সদর রোডে মিছিল বের করলে পুলিশ প্রেসক্লাবের সামনে তাঁদের বাধা দেয়। এর আগে শহরের বটতলা এলাকায় মিছিল করতে চাইলে পুলিশ সেখান থেকে ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করে। আমতলীতে আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।ভোলা: পিকেটাররা সকালে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দোকানপাট ও গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে নেতৃত্ব দেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান। দুপুরে শহরের বাংলা স্কুল মোড়ে পিকেটারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের কর্মীসহ ১০ জন আহত হন। আটক করা হয় তিনজনকে। দুপুরের পরই সব রুটে গাড়ি চলাচল শুরু হয়।নোয়াখালী: শহরের মাইজদী বাজার এলাকায় সকালে পিকেটারদের ছবি তোলার সময় আরটিভির স্থানীয় প্রতিনিধি মনির হোসেন ও ক্যামেরাম্যান মশিউর রহমান তাদের হামলার শিকার হন। দত্তেরহাট এলাকায় পুলিশের লাঠিপেটায় আহত হন সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কলিম উদ্দিনসহ অন্তত আটজন। পিকেটিংয়ের সময় শহরের পৌর বাজার, পৌর কল্যাণ স্কুল ও দত্তেরহাট এলাকা থেকে পুলিশ ছয়জনকে আটক করেছে।নরসিংদী: শহরের বাজির মোড় থেকে সকালে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি মিছিল বের হলে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় খায়রুল কবিরসহ অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। এ সময় তারা মার্কেটের কয়েকটি দোকানের জানালা ও দরজা ভাঙচুর করে। পরে দোকান মালিক ও কর্মচারীরা ধাওয়া দিয়ে আবু সাঈদ ভূঁইয়াকে আটক করেন। বিষয়টি জেনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজের নেতৃত্বে ৩০-৪০ কর্মী সেখানে গিয়ে আবু সাঈদকে বেধড়ক মারধর করে পরে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেন। এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা হরতালের সমর্থনে প্রান্তিক গেটে অবস্থান ধর্মঘট পালন করেন।বগুড়া: শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হলেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশির ভাগ নেতাকে মাঠে দেখা যায়নি।কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈর বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে সকালে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি কালিয়াকৈর বাইপাস সড়কে অবস্থান নিয়ে কয়েকটি যাত্রীবাহী বাস ও টেম্পো ভাঙচুর করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মৌচাক এলাকায় মিছিল বের করা হলে পুলিশ সেখানেও বাধা দেয় এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুটি ঘটনায় ১০ জন আহত হয়েছে।শ্রীপুর (গাজীপুর): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার একাধিক স্থানে সকালে বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ সাতজনকে আটক করে। নাটোর: ভোর থেকেই জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। সকালে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ের বিপরীত দিক থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এর আগে শহরের ভবানীগঞ্জ মোড়ে নাটোর-বগুড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।