হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ চার
হরতালের শেষ দিনে আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় পুলিশ ও হরতাল-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াছ প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের ওপর হরতাল-সমর্থকেরা ককটেল ছুড়ে মারেন।এরপরই তাঁদের ছত্রভঙ্গ করতে ১০টি রাবার বুলেট ছোড়ে পুলিশ।
গুলিবিদ্ধ চারজন হলেন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া (৪০), ছাত্রদলের সাইফুল ইসলাম, রহিম উদ্দীন ও শাহাদাত হোসেন।আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিদারুল ইসলামের নেতৃত্বে সীতাকুণ্ডের সোনাইছড়ি, পৌর সদর, কুমিরা, জলিল গেইট, মাদামবিবিরহাট ও ভাটিয়ারী এলাকায় হরতাল-সমর্থকেরা মিছিল করেন।এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমপক্ষে ১৫টি স্থানে টায়ার জ্বালান হরতাল-সমর্থকেরা।এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বারআউলিয়া মাজার এলাকায় অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা।এ সময় পিকেটারদের ইটপাটকেলের আঘাতে গাড়িচালকসহ ১০ জন আহত হন।প্রাথমিক চিকিত্সা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।