হরতালে পেছাল এইচএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে ৮ মে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। এখন নতুন তারিখে পরীক্ষাগুলো হবে। এর মধ্যে আট বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা হবে পরদিন ৯ মে। সময় আগের মতোই থাকবে।
কারিগরি বোর্ডের অধীন ওই দিনের পরীক্ষা হবে ৯ মে সকালে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৮ মের পরীক্ষা হবে ২২ মে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে এসব কথা জানান।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৮ মে এইচএসসিতে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার আবেদন গতকাল খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে ৮ মে হরতাল ডেকেছে জামায়াত।