হরতালে পেছাল এসএসসি ও সমমানের পরীক্ষা
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামীকাল সোমবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা আগামী শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরীক্ষার দিন হরতাল থাকলে, ওই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করেছিলাম পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০-দলীয় জোট হরতাল প্রত্যাহার করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা যিনি মন্ত্রী ছিলেন; তিনি গতকাল শনিবার বলেছেন, পরীক্ষা দিয়ে কী হবে? তখন আমরা তো উত্তর পেয়েই গেলাম। এর পরও আজ দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু তাঁরা হরতাল প্রত্যাহার করেননি।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তো দায়িত্ব এড়াতে পারি না। বিএনপির নেতৃত্বাধীন জোট যে অমানবিক কর্মকাণ্ড করে চলেছে, সেই হিংস্রতার মুখে আমরা ছেলেমেয়েদের ছেড়ে দিতে পারি না। এ জন্য হরতালের দিনের পরীক্ষা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা আশা করব ২০-দলীয় জোট পরীক্ষার দিন আর হরতাল-অবরোধ দেবে না।’
এ সময় অবরোধের দিন পরীক্ষা হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অবরোধ অকার্যকর, তাই তারা অবরোধেও হরতাল দিচ্ছে। তবে তিনি সরাসরি ওই প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, ৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।