হরতালে পেছাল সমাপনী পরীক্ষা
এবারও হরতালের কবলে পড়েছে দেশের সবচেয়ে বড় পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী। গতকাল রোববার এই দুই পরীক্ষা শুরু হলেও জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আজ সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, আজকের পরীক্ষা হবে ৩০ নভেম্বর। ওই দিন বেলা ১১টায় এই পরীক্ষা শুরু হবে।
গতকাল রাজধানীর মতিঝিলে অবস্থিত আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। আজ বাংলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
এদিকে উদ্বেগের মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। গতকাল অনুষ্ঠিত হয়েছে ইংরেজি বিষয়ের পরীক্ষা। এ দিন পরীক্ষায় অনুপস্থিত ছিল প্রায় দেড় লাখ পরীক্ষার্থী।
রাজধানীর মতিঝিলে অবস্থিত আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, হরতালে পরীক্ষা হবে কি হবে না, তা নিয়ে অভিভাবকেরা আলোচনা করছেন। আফরিনা বেগম নামে একজন অভিভাবক বলেন, হরতালে পরীক্ষা পিছিয়ে যাবে এই নিয়ে দুশ্চিন্তায় আছেন। কারণ, পরীক্ষা পেছালে বাচ্চাদের প্রস্তুতি নষ্ট হয়ে যায়।
প্রাথমিক সমাপনী থাকবে কি না ভেবে দেখা হবে: আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সেখানে অভিভাবকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় অভিভাবকদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর উপস্থিত সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার স্তর যখন অষ্টম শ্রেণি পর্যন্ত হবে, তখন দুটি (প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী ও জেএসসি-জেডিসি) পরীক্ষা না রেখে একটি রাখা যায় কি না, তা ভাবা হবে।