হরতালে পড়ে গেছে সবজির দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরের সবচেয়ে বড় সবজির পাইকারি আড়ত বগুড়ার মহাস্থান বাজারে গতকাল মঙ্গলবার খেতের চার মণ বেগুন বিক্রি করতে এসেছিলেন পাশের মুরাদপুরের কৃষক আবদুল করিম। দুদিন আগেও যে বাজারে তিনি প্রতি মণ বেগুন আড়াই শ টাকা দরে বিক্রি করেছিলেন, সেই বেগুনের এখন দাম নেই। হরতালের কারণে পাইকার আসতে পারেননি। আড়ত গুটিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। ক্রেতা নেই, সবজির চাহিদাও নেই। ক্রেতার আশায় পথ চেয়ে থাকার পর দুপুরের দিকে একজন ব্যবসায়ী এসে প্রতি মণ বেগুনের দাম হাঁকালেন মাত্র দেড় শ টাকা। দর-কষাকষির পর শেষ পর্যন্ত ১৮০ টাকা দরে তিন মণ বেগুন বিক্রি করে দিলেন আবদুল করিম। মাত্র সাড়ে চার টাকা কেজি দরে বেগুন বিক্রি করে হতাশ মনে বাড়ি ফিরলেন তিনি। এ অঞ্চলের আরেকটি সবজির বড় মোকাম শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি হাট। সেই হাটে গতকাল খেতের শিম বিক্রি করতে এসেছিলেন আড়িয়ার বাজারের কৃষক কফিল উদ্দিন। পাইকার না থাকায় প্রতি কেজি শিম মাত্র চার টাকা দরে বিক্রি করতে হয়েছে তাঁকে। মহাস্থান হাটে গতকাল যে বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি মাত্র সাড়ে চার টাকায়, নয় কিলোমিটার দূরের বগুড়া শহরের ফতেহ আলী বাজার থেকে সেই বেগুনই খুচরা ক্রেতাদের ১৬ টাকা কেজি দরে কিনতে দেখা গেছে। মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে কৃষকের উত্পাদিত সবজির বাজারমূল্যের এমন ফারাকের কারণ অনুসন্ধানে জানা গেছে, হরতালের কারণে যোগাযোগ বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে বগুড়ায় পাইকার আসতে পারেননি। পাইকার না আসায় সবজির বড় বাজারগুলোতে হাত গুটিয়ে বসে আছেন আড়তদারেরা। চাহিদা ও ক্রেতা না থাকায় এসব বাজারে পড়ে গেছে সবজির দাম। ফলে সবজি বিক্রি করে উত্পাদন খরচ তুলতে পারছেন না কৃষকেরা। অন্যদিকে হরতালের কারণে যোগাযোগ বন্ধ থাকায় খুচরা বাজারে সরবরাহ কমেছে সবজির। হরতালের কারণে পাড়া-মহল্লায় ফেরি করে সবজি বিক্রি বন্ধ থাকায় খুচরা বাজারে সবজির চাহিদাও বেড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে সবজির দামও। গতকাল মহাস্থান হাটে টমেটো বিক্রি করতে আসা উজগাঁওয়ের কৃষক বাবলু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লেতারা তো হরতাল ডাকতি পারলিই হলো। হরতালে তারকেরে তো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় খালি হামাকেরে মতো গরিব কৃষকের। খেতের সবজি কি হরতাল মানবি? খেত থ্যাকি সবজি না তুললি পচে লষ্ট হবি। হরতালে পাইকার আসতে পারিচ্চে না। কষ্ট করে আবাদ করা খেতের সবজি এক্কেবারে সস্তা দামে বেচা লাগিচ্চে।’ মহাস্থান হাটে গতকাল প্রতি মণ শিম ১৮০-২০০ টাকা, বেগুন ১৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, সাদা আলু ১৫০ টাকা, হল্যান্ড আলু ২৪০ টাকা, গোল পাকড়ি আলু ৩৫০ টাকা, টমেটো ১০০ টাকা এবং করলা এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে।বগুড়ার কৃষি বিপণন অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, হরতালের কারণে পাইকার আসতে না পারায় উত্পাদক পর্যায়ে সব রকম সবজির দাম অনেক পড়ে গেছে। ফলে কৃষকের উত্পাদন খরচ উঠছে না। আবার হরতালে সরবরাহ ঘাটতির অজুহাত তুলে ভোক্তা পর্যায়ে সবজির দাম অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ক্রেতাদের পকেট খালি হলেও উত্পাদক পর্যায়ের কৃষক ঠকছেন। লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। বাজার নিয়ন্ত্রণে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও তা খুব একটা কাজে আসছে না।