হরতালে ফল বিক্রি হয় না, পচে যায়
হরতাল ডাকলেই সিলেটের ফলের আড়তদারেরা চিন্তিত হয়ে পড়েন। কারণ বিক্রি বন্ধ থাকায় ও ফল পচে নষ্ট হয়ে যাওয়ায় প্রত্যেক আড়তদারের প্রতিদিন ২০-৩৫ হাজার টাকা লোকসান হয়। সিলেটের কদমতলীর আড়তদার ফারুক আহমদ জানান, হরতাল শুরুর আগের দিন সন্ধ্যায় শ্রীমঙ্গল থেকে তিনটি ট্রাকভর্তি কাঁঠাল তাঁরা পাঁচজন ব্যবসায়ী এখানে এনেছিলেন। মৌসুমি ফল আগাম হাটে এলে ক্রেতারা বেশি করে কিনবেন—এ আশায় বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় হরতাল ঘোষণা করা হয়। ফারুক বলেন, ‘গত দুই দিনে একটা কাঁঠালও বেচতাম পারছি না। উল্টো ঘণ্টায় ঘণ্টায় দেখতে হইছে কয়টা নষ্ট অইল।’ নগরের কদমতলীতে ইয়াসিন প্লাজা নামের একটি বিপণিবিতানে আড়তদার ব্যবসায়ীদের সংখ্যা বেশি। ওই বিপণিবিতানের আড়তদার ফল ব্যবসায়ী সমিতির কাছে জানা গেছে, তাঁদের সংগঠনভুক্ত কমপক্ষে ৫০টি আড়তে এক দিন হরতাল হলে প্রতি আড়তে ২০ থেকে ৩৫ হাজার টাকার লোকসান হয়। সুমি অ্যান্ড ঝুমি এন্টারপ্রাইজের মালিক আখতার মিয়া জানান, এক দিনের মাল দুই দিনে বিক্রি করতে গিয়ে লোকসানের মাত্রা বাড়ে। হরতাল এক দিনের বেশি হলেই তাঁদের ক্ষতি হয়। হাজি আবদুল খালিক-খলিক সন্সের খলিক মিয়া বলেন, পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ীদের দোকানপ্রতি গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা করে লোকসান হয়।সুরমা নদীতীরের কিনব্রিজের মুখে গতকাল দুপুরে পচা ফলমূল কুড়ানোর দৃশ্য দেখিয়ে খুচরো ফল বিক্রেতা খায়রুল মিয়া বলেন, ‘হরতাল হুনলেই আমরার মাথাত আসমান ভাঙি পড়ে। দোকানের মাল না চললেই তো পচতে পচতে লস গুনতে অয়।’