হরতালে বাঘা নৌবন্দর অচল, তেল ও সার সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের হরতালে অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী বন্দর। এই বন্দরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেল বিতরণকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে সার সরবরাহ বন্ধ হয়ে গেছে।তেল ও সার সরবরাহ বন্ধ থাকায় বোরো খেতে সেচ দেওয়ার কাজ ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।বাঘাবাড়ী ডিপো থেকে জানা গেছে, উত্তরাঞ্চলের দৈনিক জ্বালানি তেলের চাহিদা ২৫ লাখ থেকে ৩০ লাখ লিটার। কিন্তু গত তিন দিনে এক লিটার জ্বালানি তেলও সরবরাহ করা সম্ভব হয়নি। হরতালে মহাসড়কে যানবাহন চলাচল না করায় বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ১৪টি গুদামে সার সরবরাহও বন্ধ রয়েছে। এই নৌবন্দরে সারবোঝাই ২৫টি জাহাজ এবং তেলবোঝাই ১০টি জাহাজ আটকা পড়ে আছে। বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকেরা জাহাজ থেকে সার ও তেল নামাতে পারছেন না।