হরতালে বিক্ষিপ্ত ভাঙচুর, আটক ২৪
১৮ দলের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিনে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাঙচুর, সড়ক
অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০ জন গ্রেপ্তার ও ২৪ জনকে আটক করা হয়েছে।
গত রোববার রাতে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর ‘হামলা’ ও ‘ব্যাপক প্রাণহানি’র প্রতিবাদে ১৮ দল এ হরতাল ডাকে। প্রথম আলোর অফিস, নিজস্ব
প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন হরতাল-সমর্থকেরা। এলাকাবাসী ও পুলিশ
সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা কেটিএল পরিবহনের একটি বাসে
এবং বাঘাট এলাকায় ঢাকা-ঘোড়াশাল সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দেন হরতাল-সমর্থকেরা।
বগুড়া: সকাল ছয়টার দিকে বগুড়া সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায়
টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় পিকেটাররা ১০-১১টি যানবাহন ভাঙচুর করে। সকাল সাতটায়
শহরের রেলস্টেশনের পাশে সেউজগাড়ী এলাকায় টায়ার জ্বালিয়ে ও পাথর ফেলে সড়ক অবরোধ করেন শিবিরের
কর্মীরা। এ সময় পুলিশ সেখানে পৌঁছালে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে তিন-চারটি ককটেল নিক্ষেপ
করেন। শিবিরের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি রাবার বুলেট ছোড়ে বলে জানিয়েছেন বগুড়া
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম।
ফরিদপুর: সকাল সাড়ে ১০টার দিকে হরতালের সমর্থনে শহরের টেপাখোলা এলাকায় ছাত্রদলের একটি মিছিল
বের হলে পুলিশের ধাওয়ার মুখে সেটি পণ্ড হয়ে যায়। পুলিশ পরে স্টেশন রোড থেকে মো. সায়েম (১৮) নামের
সরকারি রাজেন্দ্র কলেজের এক ছাত্রকে আটক করে।
এর আগে গত মঙ্গলবার রাত আটটার দিকে শহরের থানা রোড থেকে হরতালের সমর্থনে জামায়াত ও শিবিরের
বের করা একটি মিছিল পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ জামায়াতের কর্মী শহরের টেপাখোলা
এলাকার আয়নাল হোসেন (৩৫) এবং শিবিরের কর্মী ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মেহেদী হাসানকে
(২০) আটক করে।
ফেনী: হরতালের আগের রাতে বিএনপির কর্মীরা ১০টি যানবাহন ভাঙচুর করেছেন। পুলিশ বিএনপি ও
জামায়াতের আট কর্মীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপিসহ ১৮ দলের আহ্বানে হরতালের
আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের প্রধান সড়ক ট্রাংক রোডে বিএনপির কর্মীরা ১০টি
যানবাহন ভাঙচুর করেন। এগুলোর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুটি যাত্রীবাহী নৈশকোচ, তরমুজসহ অন্যান্য
ফল নামানোর সময় দুটি ট্রাক, চারটি অটোরিকশা এবং দুটি ইজিবাইক (টমটম) ভাঙচুর করা হয়।
সাতক্ষীরা: সকাল সাড়ে ছয়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকায় হরতালের সমর্থনে
ছাত্রশিবিরের কর্মীরা দুটি মালবাহী ট্রাক ভাঙচুর করেন। এর আগে তাঁরা বিনেরপোতা ব্রিজের দক্ষিণ দিকে ইট
বিছিয়ে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধসহ পিকেটিং করেন। পিকেটাররা সকাল সাতটার দিকে শহরতলির
বাঁকাল ও রামচন্দ্রপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ১২ জনকে আটকের কথা নিশ্চিত করেছেন।
চাঁদপুর: ভোর ছয়টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় একটি বটগাছ কেটে সড়ক অবরোধ করে
রাখেন হরতাল-সমর্থকেরা। পুলিশ এসে গাছ সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়। চাঁদপুরের পুলিশ
সুপার আমির জাফর জানান, পিকেটিংয়ের সময় ফরিদগঞ্জ থেকে শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ঢাকা-আরিচা মহাসড়কে একটি গাড়ি পুড়িয়েছেন জাবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আশুলিয়া থানার পুলিশের একটি দল স্থানীয় লোকজনের
সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।