হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ, অনেক স্থানেই সাড়া মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল সোমবার জামায়াতের ঢিলেঢালা হরতালে কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই শিবির কর্মী গুলিবিদ্ধ এবং পুলিশের ছয়জন সদস্য ও শিবিরের আট সদস্য আহত হন। তবে অনেক স্থানেই হরতাল হয়নি।

এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে আজ মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে আওয়ামী লীগ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ: হরতাল চলাকালে বাসে আগুন দেওয়ার সময় ইসলামী ছাত্রশিবিরের নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন শিবিরের সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের সভাপতি আবু রাশেদ ও কর্মী বাপ্পী। এদিকে হরতালের আগের রাতে নগরের চাষাঢ়া এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ: বিকেল চারটার দিকে উল্লাপাড়া থানার ভেতরে একটি ককটেল ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যান জামায়াত-শিবিরের কর্মীরা। একই সময় থানা গেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এর পরপরই অপর একটি দল টিনপট্টিতে ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকালে হরতাল চলাকালে বাখুয়া গ্রামের কাছে বগুড়া-নগরবাড়ি সড়কে পুলিশের গাড়িতে দুটি ককটেল ছুড়ে মারে পিকেটাররা। এতে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হন।

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জে বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় চার পুলিশসহ কমপক্ষে নয়জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭টি ফাঁকা গুলি বর্ষণ করে। এতে আবু তাহের (২৭) ও মোহাম্মদ সুমন (২২) নামের দুই শিবির কর্মী গুলিবিদ্ধ হন। অন্যদিকে শিবির কর্মীদের ইটপাটকেলের আঘাতে আহত হন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরসহ আরও তিন কনস্টেবল। সংঘর্ষে শিবির কর্মী শাহাবুদ্দিন (২১), ফয়সাল (১৯) ও দেলোয়ার হোসেন (১৮) নামের তিনজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিবির কর্মীকে আটক করেছে।

বগুড়া: বগুড়ায় কয়েকটি স্থানে ককটেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করেছে হরতাল-সমর্থকেরা। সকালে শহরের মফিজ পাগলার মোড় এলাকায় ইনডিপেনডেন্ট টেলিভিশনে হরতালচিত্র সরাসরি সম্প্রচারকালে সম্প্রচার দলের ওপর ককটেল নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে অল্পের জন্য রক্ষা পান টেলিভিশনের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রতিবেদক হাসিবুর রহমান ও ক্যামেরাম্যান শাজাহান আলী।

শেরপুর (বগুড়া): উপজেলার মহিপুর ও গাড়িদহ এলাকায় পাঁচটি যানবাহন ভাঙচুর করেছে পিকেটাররা। সকাল নয়টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটের সামনে থেকে পুলিশ অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে। এর আগে ভোর পাঁচটায় মির্জাপুর এলাকায় মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে পিকেটাররা।

চাঁদপুর: চাঁদপুরে হরতাল চলাকালে পুলিশ জামায়াত-শিবিরের নয় কর্মীকে আটক করেছে। সকালে হরতালে পিকেটিংয়ের চেষ্টাকালে চাঁদপুর মডেল থানার পুলিশ তিনজন ও দুপুরে শাহরাস্তি থানার পুলিশ ছয়জনকে আটক করে।

ফরিদপুর: হরতালে দুই পিকেটারকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন সুতাশী মহল্লার মো. শামসুল শেখের ছেলে আমিনুল শেখ (২০) ও মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. হাসান (২১)।

এদিকে চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ ও বগুড়ার আদমদীঘিতে হরতালের কোনো প্রভাব পড়েনি।

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি মো. নুরুল ইসলাম মণ্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আওয়ামী লীগের স্থানীয় কমিটি গোয়ালন্দ উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয়।