হরতালে বিপর্যস্ত তাঁতশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশীয় তাঁতসামগ্রীর উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি সপ্তাহের রবি ও বুধবার এখানে হাটের দিন নির্ধারিত থাকলেও হরতালের কারণে দুই সপ্তাহ ধরে হাট বসছে না। এ কারণে রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে হরতালের কারণে বগুড়ার আদমদীঘি উপজেলায় তাঁত ব্যবসার অন্যতম শাওইল বাজারেও বেচাকেনা বন্ধ রয়েছে। টানা হরতালের কারণে স্বাভাবিক দিনেও পাইকারদের উপস্থিতি কমে গেছে।
তাঁতমালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহজাদপুর হাটে কয়েক হাজার তাঁতি ও ব্যবসায়ী উন্মুক্ত স্থানে কাপড় বিক্রি করেন। এ ছাড়া রয়েছে অসংখ্য দোকান। আছেন দেড় শ আড়তদারসহ সহস্রাধিক শ্রমিক। ছয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধ পথে প্রতি সপ্তাহে এই হাট থেকে প্রায় পাঁচ কোটি টাকার শাড়ি ও লুঙ্গি ভারতে রপ্তানি হয়। হরতালের কারণে এই রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
শাহজাদপুরের গাড়াদহ গ্রামের তাঁতমালিক হানিফ মিয়া জানান, তাঁর ছয়টি তাঁত রয়েছে। গত দুই সপ্তাহে তিনি একটি কাপড়ও বিক্রি করতে পারেননি। সুতা কেনা ও শ্রমিকদের মজুরি পরিশোধ করতে না পারায় এলাকার বেশির ভাগ তাঁত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
রায় ট্রেডার্সের মালিক নিত্যানন্দ রায় বলেন, ‘হরতালের কারণে দুই সপ্তাহ ধরে আমরা এক পিচ শাড়ি-লুঙ্গিও রপ্তানি করতে পারিনি। ছয়টি প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার ক্রয় করা কাপড় মজুত রয়েছে। অনেক তাঁতমালিক বাকিতে দিতে রাজি থাকলেও জায়গার অভাবে কাপড়গুলো কেনা যাচ্ছে না।’
কয়েকজন ব্যাংকার জানান, সুতা ও তাঁত ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে হাটের দিনে লেনদেন ভালো হয়। হরতালের কারণে গড়ে ২০ ভাগ লেনদেনও হয় না।
শাহজাদপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবদুল হাকিম সরকার জানান, হরতালের কারণে অধিকাংশ লোকই বেকার হয়ে পড়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁতসামগ্রী বিক্রি করতে না পারায় টাকার অভাবে সুতা কিনতে পারছেন না। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল বাজারেও দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আসতে না পারায় কেনাবেচায় দুরবস্থা চলছে। মাঝেমধ্যে দোকান খোলা রাখলেও ক্রেতা না থাকায় কেনাবেচা হচ্ছে না। অনেক সময় দোকান খোলা রাখলে পিকেটারদের হামলার শিকার হতে হচ্ছে।
গুলবর হোসেন নামের এক সুতা ব্যবসায়ী জানান, কোনো দোকানির প্রতিদিন, কারও সপ্তাহে আবার কারও মাসিক ঋণের কিস্তি দিতে হয়। হরতালের কারণে দুই সপ্তাহে তাঁদের বেশির ভাগই কিস্তি দিতে পারেননি।
ব্যবসায়ীরা জানান, শাওইল বাজারে এক হাজারের বেশি দোকান রয়েছে। স্বাভাবিক দিনে লেনদেন এক কোটি টাকার বেশি হয়। বাজারে তাঁতের পণ্য ও সুতা তোলার কাজে দুই হাজারের বেশি নারী শ্রমিক নিয়োজিত রয়েছেন। হরতালের কারণে কাজ না থাকায় এই দিনমজুরদেরও দুর্দিন চলছে।