হরতালে বিপর্যস্ত বেড়া ও সাঁথিয়ার তাঁতশিল্প
এমনিতেই তাঁতশিল্পে দীর্ঘদিন ধরে সংকট চলছে। এর ওপর একের পর এক হরতালে বিপর্যস্ত হয়ে পড়েছে এই শিল্প। হরতালের প্রভাবে সুতার দাম বেড়েছে, কিন্তু উত্পাদিত শাড়ি-লুঙ্গির দাম কমেছে। ক্রেতারা হাটে কম আসায় শাড়ি-লুঙ্গি হাটে নিয়ে লোকসানেও বিক্রি করতে পারছেন না তাঁতিরা। এ অবস্থায় পাবনার তাঁতসমৃদ্ধ বেড়া ও সাঁথিয়া উপজেলায় একের পর এক বন্ধ হচ্ছে তাঁত।সাঁথিয়া উপজেলার ছেঁচানিয়া গ্রামের একটি তাঁত কারখানার মালিক রেজাউল করিম বলেন, ‘এর আগেও তাঁতশিল্পে খারাপ সময় গেছে। কিন্তু এখনকার মতো এমন বিপর্যয় আর কখনো দেখি নাই। আমার কারখানার দশটা তাঁতের ছয়টাই বন্ধ কইর্যা দিছি। বাকি চারটাও শিগগিরই বন্ধ করা ছাড়া উপায় নাই।’একই গ্রামের আরেক তাঁতি শাহ আলম বলেন, ‘পাইকাররা (ক্রেতা) না আসায় হাটে লুঙ্গি নিয়্যা বইস্যা থাকা লাগে। এক থান (চারটি) লুঙ্গি বানাতি ৬০০ টাকা খরচ। অথচ ৫০০ টাকায় সেই লুঙ্গি বেচতি ঘাম ছুইট্যা যায়। তিন মাসে ৬০ হাজার টাকা লস খায়া কারখানার আটটা তাঁতের সবগুল্যাই বন্ধ কইর্যা দিছি। এখন মহাজনের ঋণ শোধ করা আর সংসার চালানোর চিন্তায় অস্থির হয়া আছি।’তাঁতিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়া ও সাঁথিয়া উপজেলায় বছর দশেক আগেও চালু ছিল প্রায় ২০ হাজার তাঁত। নানা প্রতিকূলতায় এই তাঁতের সংখ্যা এখন প্রায় ১০ হাজারে এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে একের পর এক হরতাল এসব তাঁতের জন্য বয়ে এনেছে ভয়াবহ বিপর্যয়। হরতালের প্রভাবে সুতার দাম বৃদ্ধিতে উত্পাদন খরচ বাড়লেও কাপড়ের দাম উল্টো কমেছে। হরতালের কারণে কাপড় ব্যবসায়ীরা স্থানীয় হাটগুলোয় খুব একটা আসছেন না। এতেই কমে গেছে কাপড়ের দাম।বেড়া উপজেলার সুতা ব্যবসায়ী আবদুল মতিন জানান, মাস খানেক আগে মধ্যম মানের ১০০ পাউন্ড সুতার দাম ছিল ১৭ হাজার টাকা। এখন তা ১৮ হাজারে ঠেকেছে। অথচ মাস খানেক আগে মধ্যম মানের যে লুঙ্গি (এক থান) এক হাজার ১০০ টাকায় বিক্রি হতো, এখন তা ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় প্রতি থানে তাঁতিদের ৮০ থেকে ১০০ টাকা লোকসান হচ্ছে। হরতালের কারণে সুতার দাম এভাবে বেড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরাঞ্চলের প্রধান দুটি কাপড়ের হাট হলো পাবনার আতাইকুলা ও সিরাজগঞ্জের শাহাজাদপুর। এ দুটি হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে কাপড় ব্যবসায়ীরা এসে তাঁতিদের কাছ থেকে শাড়ি-লুঙ্গি কেনেন।সরেজমিনে দেখা গেছে, দুই হাটেই লোকসমাগম কম। শাহাজাদপুর হাটে কথা হয় পাইকারি কাপড় বিক্রেতা বেড়ার আক্তারুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এ হাট থেকে গাড়ি বোঝাই করে লাখ লাখ টাকার কাপড় কিনে নিয়ে যান। হরতালের দিনসহ এর আগে-পরে যেভাবে গাড়ি পোড়ানো হয়, এতে ব্যবসায়ীরা হাটে আসতে ভয় পান। এ জন্য মাস দেড়েক হলো হাট অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে। ক্রেতার অভাবে শাড়ি-লুঙ্গির দাম কমেছে। একইভাবে ঝুঁকি থাকায় সুতা ব্যবসায়ীরা সুতা আমদানি কমিয়ে দিয়েছেন। এ কারণে সুতার দাম বেড়েছে বলে আমার ধারণা।’