হরতালে বিপাকে দুগ্ধ খামারিরা
টানা হরতালের কারণে দুধ নিয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কয়েক হাজার খামারি। ঢাকার প্রধান কারখানায় তাঁরা দুধ সরবরাহ করতে পারছেন না।বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ ও পাবনার ছয়টি উপজেলায় প্রায় ছয় লাখ গবাদিপশু পালন করা হয়। এর মধ্যে অধিকাংশই উন্নত জাতের গাভি। মিল্ক ভিটার আওতায় ৬৫০টি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি এবং বাইরে ক্ষুদ্র ও মাঝারি প্রায় চার হাজার খামার রয়েছে। এসব খামার থেকে প্রতিদিন চার লাখ লিটার দুধ উৎপাদন হয়ে থাকে। উৎপাদিত দুধের মধ্যে মিল্ক ভিটা নেয় দুই লাখ লিটার দুধ। বাকি দুধ প্রাণ ডেইরি, আফতাব ডেইরি, আকিজ ডেইরি, বিক্রমপুর ডেইরি, ব্র্যাক ডেইরিসহ ১৪টি বেসরকারি প্রতিষ্ঠান এবং মিষ্টি ও ছানা প্রস্তুতকারকেরা নিয়ে থাকে। সব দুধ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়ে থাকে। গতকাল থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হওয়ায় খামার মালিকেরা বিপাকে পড়েছেন। শাহজাদপুর উপজেলার রেশমবাড়ী প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির প্রতিনিধি আব্দুস সামাদ জানান, প্রতিদিন শুধু এই সমিতি থেকে দুই হাজার লিটার দুধ উৎপাদন হয়ে থাকে। আরও বড় বড় সমিতি রয়েছে। রয়েছে আরও ক্ষুদ্র ক্ষুদ্র খামার। সবাই দুধ নিয়ে এখন দিশেহারা। মিল্ক ভিটা কিংবা বেসরকারি সংস্থাকে দুধ দিয়ে প্রতি লিটার ৪৫ টাকা পাওয়া যেত। এখন আমদানি বেশি। ফলে দুধ বাইরে বিক্রি করতে হচ্ছে। এতে লিটারপ্রতি দাম গুনতে হচ্ছে মাত্র ১৫ টাকা। আরেক খামার মালিক আবদুল মান্নান ব্যাপারী বলেন, ‘দুধ আমাদের এই এলাকার দ্বিতীয় অর্থকরী ফসল। এই দুধ শুধু এ এলাকা নয়, সারা দেশের পুষ্টির চাহিদা পূরণ করে থাকে। এই এলাকায় পর্যাপ্ত হলেও হরতালের কারণে অনেক জেলার শিশুরা দুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই সারা দেশে দুধ সরবরাহ সচল রাখতে এই শিল্পকে হরতালমুক্ত রাখার দাবি করছি।’ শাহজাদপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল হাই বলেন, মিল্ক ভিটার বাইরে নিবন্ধনকৃত চার হাজার খামারি রয়েছেন। আরও চার হাজার আছেন নিবন্ধন ছাড়া। টানা হরতালে খামারিরা দুধ বিক্রি করতে না পারলেও তাঁদের গবাদিপশুর খাবার বাবদ খরচ ঠিকই হচ্ছে। এই খরচের জন্য অনেক খামার বন্ধ হয়ে যাবে। মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান জানান, হরতালের কারণে ঢাকার প্রধান কারখানায় দুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া মজুদের স্থান পরিপূর্ণ হওয়ায় দুধ রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে দুধ সংগ্রহ বা ক্রয় বন্ধ করতে হচ্ছে। এতে খামারিদের পাশাপাশি মিল্ক ভিটারও ক্ষতি হচ্ছে।