হরতালে বিপাকে হোটেল মালিকেরা
‘ঈদুল ফিতর উপলক্ষে এই হোটেলের (প্রাসাদ প্যারাডাইস) ৮৪টির মধ্যে ৬৪টি কক্ষ পর্যটকেরা অগ্রিম বুকিং নিয়েছিলেন। কিন্তু জামায়াতের ডাকা দুই দিনের হরতালের (১৩ ও ১৪ আগস্ট) কারণে ইতিমধ্যে ৪৩টি কক্ষের বুকিং বাতিল করা হয়েছে। অন্য কক্ষগুলোর বুকিংও বাতিল হতে পারে। ফলে এই পর্যটন মৌসুমেও আমাদের লোকসান গুনতে হবে।’গত মঙ্গলবার দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে দাঁড়িয়ে হোটেল প্রাসাদ প্যারাডাইসের ব্যবস্থাপক (প্রশাসন) মো. দিদারুল আলম এসব কথা বলেন। পাশের হোটেল সি-ইনের মালিক নুরুল আবছার ক্ষোভ প্রকাশ করে বলেন, হরতাল আর রাজনৈতিক অস্থিরতার কারণে গত ফেব্রুয়ারি থেকে কক্সবাজারে পর্যটক প্রায় নেই। এ কারণে আড়াই শতাধিক হোটেল, মোটেল ও গেস্টহাউস কয়েক মাস ধরে বন্ধ।শহরের ঝাউতলা হোটেল সাগরগাঁওয়ের ব্যবস্থাপক নুরুল আমিন বলেন, ঈদুল ফিতরের পরদিন থেকে টানা ১৫ দিনের জন্য তাঁর হোটেলের ৬০টি কক্ষ অগ্রিম বুকিং ছিল। কিন্তু হরতালের কারণে মঙ্গলবার পর্যন্ত ৫৫টি কক্ষের বুকিং বাতিল করতে হয়েছে।শহরের সি-কুইন, সি-প্যালেস, সি-আলিফ, সিলভার সাইন, নিরিবিলিসহ বিভিন্ন হোটেল ঘুরে একই পরিস্থিতির কথা জানা গেছে।কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, এবারের ঈদের ছুটিতে কক্সবাজারে প্রায় সাত লাখ পর্যটকের ভ্রমণে আসা নিশ্চিত ছিল। তাঁদের জন্য চার শতাধিক হোটেল মোটেল গেস্টহাউসের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং ছিল। কিন্তু মঙ্গলবার পর্যন্ত ৪০ শতাংশ কক্ষের বুকিং বাতিল করা হয়। হরতাল প্রত্যাহার না করলে বাকি বুকিংও বাতিল হতে পারে। ফেব্রুয়ারি মাস থেকে টানা চার মাস দুই শতাধিক হোটেল বন্ধ থাকায় ১৫ হাজারের বেশি কর্মচারী ছাঁটাই করতে হয়েছে। ঈদের পরে পর্যটক না থাকলে আবার একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সৈকতের ছাতা ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৭) বলেন, পর্যটকের জন্য পাঁচ কিলোমিটার সৈকতজুড়ে কয়েক হাজার নতুন ছাতা বসানো হচ্ছে। কিন্তু পর্যটক না এলে কয়েক হাজার কর্মচারী বেকার হয়ে পড়বেন। জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেন, জেলা থেকে হরতাল ডাকলে কক্সবাজারে পর্যটকদের জন্য তা শিথিল করা হয়। কিন্তু এবার ঢাকা থেকে হরতাল ডাকা হয়েছে। এই হরতাল শিথিল করতে ঢাকায় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।