হরতালে বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গতকালের হরতালে ঢাকার বাইরে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। হরতাল-সমর্থকেরা যানবাহন ভাঙচুর এবং সড়ক-রেলপথে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টিও করেছে। এসব ঘটনা ছাড়া সারা দেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হরতাল। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনি ি ধদের পাঠানো খবর: চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারী উপজেলার কয়েকটি স্থানে সাতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পিকেটাররা কয়েকজন চালককে মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল ভোর থেকেই চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পিকেটিং শুরু করেন হরতাল-সমর্থকেরা। তাঁরা হাটহাজারীর নজুমিয়াহাট, মদুনাঘাট, রাউজানের জিয়াবাজার, রাঙ্গুনিয়ার গোচরা ও চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের হাইব্বার গোট্টা এলাকায় সড়কের পাশে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টিও করেন তাঁরা। কাটাখালী এলাকায় তিনটি ও গোচরা এলাকায় তিনটি সিএনজিচালিত অটোরিকশা, পৌরসভার ঘাটচেক রাস্তার মোড়ে তরকারিবাহী একটি ট্রাক ভাঙচুর করা হয়। সিরাজগঞ্জ: সকাল আটটার দিকে শহরের চামড়াপট্টি, রেলগেট ও বাজারস্টেশন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ সদস্য ছাড়াও ছয় বিএনপি নেতা-কর্মী আহত হন। সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এলাকাগুলোর বিভিন্ন গলি থেকে বিএনপি-জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। রাজশাহী: হরতালে মাঠে দাঁড়াতে পারেননি বিএনপি নেতা-কর্মীরা। দুই-একটি জায়গায় তাঁরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। পিকেটিংয়ের সময় পুলিশ তিনজনকে আটক করেছে। সকাল সাতটার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলে অংশ নিতে বেশ কিছু নেতা-কর্মী নগরের ভুবনমোহন পার্কে আসতে থাকলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মিজানুর রহমান নগর বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান নেন। সেখানে কিছু সময় অবরুদ্ধ হয়ে থাকেন তিনি। ১০টার দিকে জামায়াত-শিবির কর্মীরা ডিঙ্গাডোবা এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করতে থাকলে পুলিশ একইভাবে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বিনোদপুর এলাকায় হরতাল-সমর্থকেরা এক আওয়ামী লীগের কর্মীর বাড়ি ভাঙচুর করেছেন। বাঘায় দুপুরে জামায়াতের কর্মী জাহাঙ্গীর হোসেনকে (৪০) আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। বগুড়া: শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে হরতালের সমর্থনে মিছিলে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে ৩ মার্চ শহরে তাণ্ডবের ঘটনায় জেলা ইসলামী ঐক্যজোটের সহসভাপতি আবদুল কাদেরকে পুলিশ মালতীনগর থেকে গ্রেপ্তার করেছে। ভোলা: পিকেটাররা ৩৫টির মতো যানবাহন ভাঙচুর ও কয়েকটিতে অগ্নিসংযোগ করেন। শহরের প্রবেশপথ ও আন্তমহাসড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। পুলিশ ও পিকেটারদের পাল্টাপাল্টি ধাওয়ায় নয়জন আহত হয়েছেন। দুজনকে আটক করে পুলিশ। পঞ্চগড়: জাগপার সভাপতি শফিউল আলম প্রধানকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নিজ জেলা পঞ্চগড়ে ৪৮ ঘণ্টা হরতাল চলছে। স্থানীয় জাগপা দুপুরে শহরে মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। ফরিদপুর: হরতালের আগের দিন রাতে শহরের মুজিব সড়কে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া লালের মোড়ে ও কমলাপুর এলাকায় দুটি ট্রাক ভাঙচুর করা হয়। ফরিদপুর-নগরকান্দা সড়কের শর্শা লস্করদিয়া এলাকায়ও একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। সাতক্ষীরা: সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় ভোরে একটি বাস ভাঙচুর করা হয়েছে। তালতলা এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে জামায়াত-শিবির কর্মীরা পিকেটিং শুরু করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা নিউমার্কেট এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ তা পণ্ড করে দেয়।পাবনা: শহরের নিউমার্কেট এলাকায় সকালে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সোনালি ব্যাংকের কর্মকর্তা লিয়াকত আলী মোল্লা (৪৫) ও তিন রিকশাচালক আহত হন। রাজবাড়ী: শহরের কলেজ রোডে গুলজার হাজির মিলের কাছে সকালে দুটি ট্রাক, ভবানীপুর লালমিয়া সড়কে একটি মোটরসাইকেল ও একটি ভ্যান ভাঙচুর করা হয়। পুলিশ এ সময় তিনজনকে আটক করে। নাটোর: সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া, হরিশপুর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন হরতাল-সমর্থকেরা। দুপুরে আওয়ামী লীগ শহরে হরতালবিরোধী মিছিল করে। হরতালের আগের দিন সিংড়ায় হরতাল-সমর্থকেরা একটি বাসে আগুন দেন।