হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা নারায়ণগঞ্জে তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকে টানা দ্বিতীয় দিনের হরতালে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের তিনজন গুলিবিদ্ধ হন। খুলনায় পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ ছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর ও চাঁদপুরে যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে আটক করা হয় জামায়াত-শিবিরের ৬২ জন নেতা-কর্মীকে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: গতকাল হরতালে মাঠে ছিলেন না জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সকাল থেকে চট্টগ্রাম নগরে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সশস্ত্র টহল দেওয়া শুরু করেন। নগরের সব গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় পুলিশ। হরতালের সমর্থনে গতকাল সকাল ছয়টায় বায়েজিদ এলাকায় পিকেটিংয়ের চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ।মঙ্গলবার শিবিরের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলি এবং চারজন নিহত হওয়ার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। লোহাগাড়ায় জামায়াত-শিবির স্থানীয় দুই চৌকিদারের ওপর হামলা চালায়। নারায়ণগঞ্জ: সকালে রড ও লাঠিসোঁটা নিয়ে মিছিল করে শহরের চাষাঢ়া এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি, পুলিশের দুই সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিনজনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। খুলনা: সকাল সোয়া আটটার দিকে খুলনার রূপসা সেতুসংলগ্ন বাইপাস সড়কের খেজুরতলা এলাকায় হরতাল-সমর্থকেরা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ইমামুর রশীদ ও গাড়িচালক আমজাদ হোসেন আহত হন। সিরাজগঞ্জ: সলঙ্গা থানার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গ্যাস স্টেশনের সামনে জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদ আহমেদ, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদাসহ পুলিশের সাত সদস্য আহত হন।