হরতালে বিভিন্ন স্থানে ৮১ জন গ্রেপ্তার
১৮-দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার টানা হরতালের প্রথম দিন রোববার ও দ্বিতীয় দিন গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থান থেকে আরও ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অধিকাংশই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী। ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ডাদেশ দিয়েছেন চারজনকে।
এ ছাড়া হরতালে নাশকতার অভিযোগে গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গী থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলামুল কুদ্দুস, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মো. আফজাল হোসাইন, শুরা সদস্য ফারুকুজ্জামান ও আনোয়ার হোসেনকে গাজীপুর এলাকা থেকে পুলিশ গতকাল দুপুরে গ্রেপ্তার করে। ভাঙচুর ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আদালতের নির্দেশে ওই চারজনকে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।
চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়া পৌরসভার হাসপাতাল সড়ক থেকে গতকাল সোমবার বেলা ১১টায় দুটি ককটেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার থানা রাস্তার মাথা এলাকার মো. নুরুজ্জামানের ছেলে মো. আলী (২২) ও সোসাইটিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে শওকত ওসমান (২২)।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম, দেবীদ্বার ও নাঙ্গলকোট উপজেলা থেকে ১৬ জনকে গত রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে বিএনপির ১১ জন ও জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মী রয়েছেন। জেলা পুলিশ সূত্র জানায়, চৌদ্দগ্রাম থেকে ১০ জন, দেবীদ্বার থেকে পাঁচজন ও নাঙ্গলকোট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে গতকালই তাঁদের কারাগারে পাঠানো হয়।
ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে হরতাল-সমর্থকদের সঙ্গে গত রোববার রাতে সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় ৭৬ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় শতাধিক ব্যক্তিকে একই মামলায় আসামি করা হয়েছে। ডুমুরিয়া থানার ওসি শাহ আওলাদ হোসেন বলেন, গতকাল তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত রোববার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল মামলা করেছে পুলিশ। বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের সাত শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার কথা নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান। উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা ব্রিজপাড়ে রোববারের ওই সংঘর্ষে পুলিশের সদস্য ফজলুর রহমান এবং আওয়ামী লীগ ও বিএনপির ১২ নেতা-কর্মী গুলিবিদ্ধ হন।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যুবদল ও ছাত্রদলের মোট তিনজনকে গত রোববার রাতে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন যুবদলের কর্মী মঞ্জু হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়নের পশুরিয়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল হক মুন্সী এবং ছাত্রদলের কর্মী মুরাদ হাওলাদার।
শেরপুর: হরতালে নাশকতার আশঙ্কায় শেরপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম ও যুবদলের কর্মী জাকির হোসেনকে গতকাল ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে গতকাল সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
পটুয়াখালী: হরতালে সহিংসতা এড়াতে গত রোববার রাতে ও গতকাল সকাল পর্যন্ত পুলিশি অভিযানে বিএনপি-জামায়াতের ৩১ জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
নীলফামারী: নীলফামারীতে নাশকতার আশঙ্কায় ছাত্রশিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়বাজার এলাকা থেকে গতকাল সকালে গ্রেপ্তার করা হয় শিবিরের সদর উপজেলা দক্ষিণ শাখার পাঠাগার সম্পাদক এনামুল হক, চওড়া ইউনিয়ন ছাত্রশিবিরের উপশাখার সভাপতি ওবায়দুল্লাহ্, শিবিরের কর্মী মারুফ হোসেন, মাহফুজ ইসলাম, মোহাম্মদ মানিক, ইউনুছ আলী ও আবু মুসাকে।