বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালে গত সপ্তাহে রাজধানীর কাঁচাবাজারে বিভিন্ন শাকসবজির দাম বেড়ে গিয়েছিল। সে সময় বিক্রেতারা দাবি করেছিলেন, হরতালে পণ্য সরবরাহে ঘাটতির কারণে দাম বেড়েছে। কিন্তু হরতাল শেষে সরবরাহব্যবস্থা স্বাভাবিক হলেও পণ্যমূল্য তিন দিনেও আগের অবস্থায় ফেরেনি।
গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরের কাজীপাড়া, মোহাম্মদপুরের নতুন কাঁচাবাজার ও কারওয়ান বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। গত রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশজুড়ে হরতাল ছিল।
ক্রেতা-বিক্রেতারা জানান, হরতাল-পরবর্তী সময়ে শাকসবজির দাম কিছু কমলেও হরতাল-পূর্ববর্তী অবস্থায় ফেরেনি। একাধিক সবজি বিক্রেতা জানান, পাইকারি বাজারে দাম কমেনি বলে খুচরা বাজারেও কমছে না।
বাজারগুলোতে গতকালও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১০০ টাকা। হরতালের দিনগুলোতে দাম বেড়ে ১৬০ টাকা পর্যন্ত হয়েছিল। হরতালের আগে দাম ছিল বাজারভেদে ৬০ থেকে ৮০ টাকা। টমেটো, করলা, বেগুন ও পোটলের বাড়তি দামেও হেরফের হয়নি। গতকাল প্রকারভেদে প্রতি কেজি টমেটো ৯০ থেকে ১০০ টাকা, করলা ৫০, বেগুন ৪০ ও পোটল ২৫-৩০ টাকায় বিক্রি হয়।
বাজারে শীতকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। ফুলকপির সরবরাহ ভালো থাকলেও বাঁধাকপির খুব বেশি সরবরাহ নেই। বাজারভেদে প্রতিটি ফুলকপির দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। প্রতি কেজি শিম ৬০ থেকে ৮০ ও মুলা ৩০ টাকায় বিক্রি হয়।
পেঁয়াজের দামও ১০০ টাকার ওপরে স্থির রয়েছে। কারওয়ান বাজারে গতকাল প্রতি পাল্লা (পাঁচ কেজি) দেশি পেঁয়াজ ৪৮০ টাকায় বিক্রি হলেও কাজীপাড়ায় এক কেজির দাম ছিল ১১০ টাকা। বাজারে এখন ভারতীয় পেঁয়াজের চেয়ে দেশি পেঁয়াজের আধিক্য।
কারওয়ান বাজারের একাধিক মুদি দোকানি জানান, এ সপ্তাহে চিনি ও দেশি মসুরের ডালের দাম সামান্য বেড়েছে। গত সপ্তাহে ৪৬ টাকা কেজিতে বিক্রি হওয়া চিনি হয়েছে ৪৮ টাকা। দেশি মসুর ডালের দাম এ সপ্তাহে কেজিতে পাঁচ টাকা বেড়ে হয়েছে ১০৫ টাকা।