হরতালে বেশি দুর্ভোগ দিনমজুরদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাগাতার হরতালে দিনমজুর ও হতদরিদ্র পরিবারে দুর্ভোগ নেমে এসেছে। গাড়ি বন্ধ থাকায় পাশের কোনো জেলাতেও কাজে যেতে পারছেন না তাঁরা। হরতালের কারণে ভিক্ষুকদের পরিবারেও চলছে দুর্দিন। ভিক্ষা না পেয়ে তাঁদের অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। তবে রিকশা-ভ্যান চলাচলে নি ে ষধাজ্ঞা না থাকায় চালকেরা বেশি ভাড়ায় যাত্রী বহন করছেন।
দিনমজুরদের দুর্ভোগ: হরতালে রংপুরে দিনমজুর ও হতদরিদ্র পরিবারের লোকজন এখানে-সেখানে ঘুরেও কাজ পাচ্ছেন না। আর কাজ পেলেও মজুরি মিলছে খুবই কম। ২০০ টাকার মজুরি ১০০ টাকায় নেমে এসেছে। রংপুরের ধাপ শিমুলবাগ, বেতপট্টি, কেরানীপাড়া চৌরাস্তা মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, লালবাগ, সাতমাথা, মাহিগঞ্জ, রেলওয়ে স্টেশন, মেডিকেল পূর্বগেট এলাকায় কাজের সন্ধানে ভোর থেকেই দিনমজুরেরা জড়ো হন। গতকাল মঙ্গলবারও সরেজমিনে দিনমজুরদের বসে থাকতে দেখা যায়। ডালি-কোদাল নিয়ে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাঁদের বেশির ভাগ লোকেরই কোনো কাজ জোটেনি।
নগরের বেতপট্টি মোড়ে পরশুরাম গ্রামের আনসার মিয়া (৫৫) বলেন, ‘এই হরতালোত গাড়ি চলে না। গাড়ি না চললে কামোত যাওয়া যায় না। কাম করা মানুষগুলার দাম কমি গেইছে। হামরাগুলা খুব বিপদোত পড়ছি।’
ভিক্ষুকদের দুর্দিন: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হাতিশো আশ্রয়ণ প্রকল্প, বৈগ্রাম, দক্ষিণ পাড়া, কাদিপুর, ডাঙ্গাপাড়া, জালালপুর, জাংগই, বিশাপাড়া এবং পাশের পাঁচবিবি উপজেলার আটাপাড়া, সোনাপুর ও তাঁতিপাড়া আশ্রয়ণ প্রকল্পে শতাধিক ভিক্ষুক পরিবার বসবাস করে। এদের মধ্যে অনেকেরই দুই-তিনজনের পরিবার রয়েছে। তাঁরা প্রতিদিন বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভিক্ষা করে ভাত-কাপড়ের সংস্থান করেন। টানা হরতালে তাঁদের জীবনেও নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ।
হাতিশো আশ্রয়ণ প্রকল্প এলাকার ভিক্ষুক অমিরন বেগম (৫৫) বলেন, ‘সকালোত ভিক্ষি করিবার নাগি অসুস্থ শরুল নিয়া গ্রামোত ঘুরি ঘুরি ভিক্ষি করু। চালোর দ্যাম বাড়ি যাওয়ায় কেউ ভিক্ষি দিবার চায় না। তাই মুই হাট-বাজারোত দোকোনগুলোত ভিক্ষি করু। হটটাল (হরতাল) নাগি দোকোনপাট বন্ধো হয়ি যাওয়ায় ভিক্ষি পাছু না। জুম্মার পরোর দিন ৫৩ টেকা ভিক্ষি করি পাছুনো। সোমবার থেকি শ্যালুন (তরকারি) ছ্যাড়া নুনদি ভাত খাছু।’
স্টেশন ডাঙ্গাপাড়া এলাকার মহব্বত (৭০) জানান, বাস ধরে হিলিতে এসে ভিক্ষা করেন তিনি। হরতালে বাস বন্ধ থাকায় ২৪ টাকা ভাড়া দিয়ে ভ্যানে যাতায়াত করে ৪০-৫০ টাকা থাকে। তাতে তিনজনের সংসার চলে না। এ কারণে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে।
উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের গৃহিণী হামিদা আক্তার বলেন, হরতালে আগে প্রতিদিন অনেক ভিক্ষুক দেখা গেলেও এই কয়েক দিনে দু-একজনের বেশি দেখা যায়নি।
রিকশা-ভ্যানচালকদের পোয়াবারো: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রিকশা-ভ্যানচালকদের এখন অবস্থা ভালো। হরতালে যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকলেও রিকশা-ভ্যান চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই। উপজেলার সরকারি-বেসরকারি সব কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় সব মানুষই রিকশা-ভ্যানে যাতায়াত করছে। এ সুযোগে রিকশা-ভ্যানের চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।
ধানগড়া বাজারের কাঁচামালের ব্যবসায়ী আবুল হোসেন বলেন, প্রতি বস্তা আলু পাঙ্গাসী বাজারে পাঠাতে খরচ হয় আট টাকা। অথচ হরতালের কারণে প্রতি বস্তা আলুর জন্য ৫০ টাকা ভাড়া চাচ্ছেন চালকেরা। এ কারণে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলেও জানান তিনি।
উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের শিক্ষক হাসান শহীদ সরওয়ারদী বলেন, সলঙ্গা থেকে রিকশা-ভ্যানে যাতায়াত করতে ১২০-১৫০ টাকা খরচ হচ্ছে। অথচ অন্য সময় এতে খরচ হয় মাত্র ৪০-৫০ টাকা।