হরতালে ব্যবসায়ীদের মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতালে চট্টগ্রামের ঈদবাজার থমকে গেছে। ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা নিত্যনতুন পোশাক সাজিয়ে বসলেও হরতালের কারণে দোকানই খুলতে পারছেন না তাঁরা। এতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।নগরের বিভিন্ন বিপণিবিতানের দোকানিরা টানা হরতালের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, রমজান মাসে হরতাল না হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য ভালো হতো। এদিকে হরতালের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক বন্ধের দিনেও বিপণিবিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।নগরের প্রধান বিপণি কেন্দ্র হচ্ছে রিয়াজউদ্দিন বাজার ও সংলগ্ন তামাকুমণ্ডি লেন। এখানে প্রায় ১৫০ ছোট-বড় মার্কেটে কয়েক হাজার দোকান রয়েছে। টানা চার দিনের হরতালের প্রথম দুই দিন এখানকার দোকানিরা দোকান বন্ধ রাখলেও পরে আস্তে আস্তে খুলেছেন। কিন্তু ক্রেতা পাননি।তামাকুমণ্ডি লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামশুল আলম বলেন, ‘এই মাসটির জন্য আমরা বসে থাকি। সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি। কিন্তু হরতালের কারণে ব্যবসা মাটি হয়ে গেছে। তাই এখন থেকে প্রতি শুক্রবার মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ তামাকুমণ্ডি লেনের পাশেই নিউমার্কেট। নগরের ঐতিহ্যবাহী এই বিপণি কেন্দ্রটির ব্যবসায়ীরা টানা হরতালের কারণে বিপাকে পড়েছেন।অদুদ ফ্যাশন নামের শাড়ির দোকানের দোকানি বলেন, ‘এমন ঈদের বাজারেও দোকান বন্ধ রাখতে হচ্ছে।’ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও সমস্যায় পড়েছেন। হরতালের কারণে যাঁরা আগেভাগে ঈদের বাজার সেরে ফেলতে চেয়েছিলেন, তাঁরা বিপাকে পড়েছেন।গতকাল সন্ধ্যায় নিউমার্কেটে আসা সাইফুদ্দিন নামের এক ক্রেতা বলেন, ‘ঈদে আমার অনেক কেনাকাটা করা লাগে। ভিড় কম থাকে বলে প্রথম দিকে আমি কেনাকাটা করে ফেলতে চাই প্রতিবারই। কিন্তু এবার হরতালের কারণে পারলাম না।’নগরের আফমি প্লাজায় দেশীদশের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র। ঈদে এসব দোকানে প্রথম থেকেই ভিড় থাকে। কিন্তু তিন দিন ধরে দিনের বেলায় মার্কেটটি বন্ধ থাকে। সন্ধ্যায় সেটি খোলা হয়। দোকানিরা জানান, হরতালের পর তেমন ক্রেতা আসছে না।