হরতালে মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধার
বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে রাজধানীতে আজ রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের কেন্দ্রীয় নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে এ হরতাল দেওয়া হয়। মতিঝিল: মতিঝিলের দৈনিক বাংলা মোড়ের পাশ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়কারী দল এটিকে নিষ্ক্রিয় করে।আজ সকাল সাড়ে সাতটার দিকে মতিঝিলের দৈনিক বাংলা মোড়ের পাশে ন্যাশনাল ব্যাংকের সামনে অবিস্ফোরিত ও পরিত্যক্ত অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি স্থানীয় লোকজন দৈনিক বাংলা মোড়ে দায়িত্বরত পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে যায়। মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে বিষয়টি অবহিত করে ওই পুলিশের দল। প্রায় ঘণ্টা খানেক পর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা বোমাটি নিষ্ক্রিয় করে।সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক শেখ আবুল বাশার।ডিবি পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন জানান, দেশি গ্রেনেডের আদলে এটি ছিল একটি শক্তিশালী পাইপবোমা। এর মধ্যে অসংখ্য স্প্লিন্টার মজুদ ছিল। এটি বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানান তিনি।
যাত্রাবাড়ী: হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীতে ফলবোঝাই একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন শিবিরকর্মীরা। আজ ভোর ছয়টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে।
আটক হওয়া ওই শিবিরকর্মী পুলিশকে জানান, যাত্রাবাড়ীর তফসিরুল মিল্লাত মাদ্রাসার ১৩ জন ছাত্র এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও একজনকে আটক করা হয়েছে। আগুন নেভানোর পর ট্রাকটি যাত্রাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রাকটি রাঙামাটি থেকে ফল নিয়ে এসেছিল। ফলগুলো ভালো আছে; তবে ট্রাকের সামনের আসনগুলো পুড়ে গেছে।
এদিকে, যাত্রাবাড়ীর শনির আখড়া ব্রিজের ছাপড়া মসজিদের সামনে আজ ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর শিবির হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। তবে পুলিশের আরা তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিরপুর: বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১ নং সনি সিনেমা হলের বিপরীত দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।বাসটি মেরামত করা হচ্ছিল।ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
সকালে বাঙলা কলেজের সামনে থেকে শিবিরের আট-নয়জন কর্মী একটি মিছিল বের করেন। তবে পুলিশের ধাওয়ার মুখে তাঁরা মিছিল করতে পারেননি।
হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন মোড় ও সড়কে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে। পথচলা যাত্রীদের বিভিন্ন স্থানে থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি। সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলছে। বাস স্টপেজগুলোতে অফিসগামী মানুষের ভিড়। অন্যান্য হরতালের চেয়ে আজ বাস চলাচল বেশি করলেও ব্যক্তিগত গাড়ি একেবারেই নেই। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল তুলনামূলক বেশি। এ ছাড়া রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।