বিরোধী দলের ডাকা ৩০ নভেম্বরের হরতালকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের রাজনৈতিক তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে। হরতালের পক্ষে-বিপক্ষে দুই দলই নানা প্রস্তুতি ও তৎপরতা শুরু করেছে। গতকাল শুক্রবার দুই দল সাংগঠনিক বৈঠক ও মিছিল-সমাবেশ করেছে।ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে, চট্টগ্রামে দলটি হরতালের দিন মাঠে থাকবে। হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তারা তা প্রতিহত করবে।অন্যদিকে বিরোধী দল হরতাল সফল করতে রাজপথে শক্তভাবে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে তারা নানা প্রস্তুতিও নিতে শুরু করেছে। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের চট্টেশ্বরী রোডের বাসায় নগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বৈঠক করেন। বৈঠকে চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে মীর নাছিরের প্রতিপক্ষ হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের অনুসারীরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নগরে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। মিছিলটি চকবাজার ও চট্টগ্রাম কলেজ ঘুরে আবার চট্টেশ্বরী রোডে এসে শেষ হয়।মীর নাছির প্রথম আলোকে বলেন, ‘আমাদের বৈঠকে নগর ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। মঙ্গলবারের হরতাল সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।’ নোমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা মাহবুবুর রহমান বলেন, হরতালের দিন দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে শক্ত অবস্থান নেবে। গতকালের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।আর হরতালের নামে রাজপথে নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়ে গতকাল বিকেলে আওয়ামী লীগ আগ্রাবাদে সড়ক বন্ধ করে হরতালবিরোধী সমাবেশ করে। এতে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দেন। আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিন চৌধুরীর প্রতিপক্ষ হিসেবে পরিচিত দলের স্থানীয় সাংসদ এম এ লতিফ এবং নগর আওয়ামী লীগের একাংশের নেতা আ জ ম নাছিরও সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ‘মঙ্গলবারের হরতাল আমরা প্রতিরোধ করব না। তবে বিএনপি রাস্তায় নৈরাজ্য সৃষ্টি করলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।’নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা আগ্রাবাদে হরতালবিরোধী সমাবেশ করেছি। এতে সাংসদ লতিফ, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈমউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উপস্থিত থাকায় দলীয় কর্মীদের মধ্যে বেশ চাঙা ভাব ছিল।’