হরতালে মাঠে থাকার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে চট্টগ্রাম নগরে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ১৪ দল। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। জামায়াত-শিবিরের জাতীয় পতাকা অবমাননা ও শহীদ মিনার ভাঙচুরের প্রতিবাদে ১৪ দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বলেন, ‘রোববারের হরতালে ১৪ দলের নেতা-কর্মীরা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সুদৃঢ় অবস্থান নেবেন। পাশাপাশি সব এলাকায় একত্র হয়ে মাঠে থাকবেন। হামলা হলে পুলিশ তা প্রতিহত করবে, নেতা-কর্মীরা পুলিশকে সহায়তা করবে।’হরতালে সহিংসতা প্রতিহত করতে জনগণের প্রতিও আহ্বান জানিয়ে ইনামুল হক বলেন, জনগণের জানমালের ওপর আক্রমণ চালালে পুলিশ প্রতিহত করবে। আর পুলিশের ওপর হামলা হলে জনগণ প্রতিহত করবে।গত শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ধর্মীয় সংগঠনের নামে বের হওয়া মিছিল থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়া চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ, প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। পুলিশ জানায়, ওই সব দলের আড়ালে জামায়াত এ ঘটনা ঘটায়। শুক্রবারের হামলায় ১০ সাংবাদিকসহ ২০ জন আহত হয়। সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল। এখনো তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। জাতীয় পতাকা ও শহীদ মিনারের অবমাননার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। জামায়াতে ইসলামী ছাড়া অন্য ধর্মীয় দলগুলো গত শুক্রবার দেশব্যাপী ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল না।আওয়ামী লীগের নেতা এ কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ, জাসদের নেতা হাসান শহীদ, আওয়ামী লীগের নেতা বদিউল আলম, শফিকুল ইসলাম, গণতন্ত্রী পার্টির নেতা স্বপন সেন প্রমুখ। সমাবেশে ১৪ দলের বিভিন্ন অঙ্গসংগঠন ও ছাত্রসংগঠন অংশ নেয়। সমাবেশ শেষে একটি মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব এলাকার গণজাগরণ মঞ্চে গিয়ে শেষ হয়। এদিকে সীতাকুণ্ড কলেজ রোড মোড়ে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ থেকেও সর্বশক্তি দিয়ে হরতাল প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সীতাকুণ্ড আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ বি এম আবুল কাশেম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার শাহাবুদ্দিন, উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া ও পৌর মেয়র শফিউল আলম।