হরতালে মাঠে নামতে সমমনা নেতাদের প্রতি খালেদার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা ৭ ফেব্রুয়ারির হরতালের প্রস্তুতির অংশ হিসেবে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে তাঁর কার্যালয়ে তিনি এসব বৈঠক করেন।রাত নয়টার দিকে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির এ টি এম আজাহারুল ইসলাম এবং ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদ।বৈঠক শেষে এ টি এম আজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, হরতাল সফল করার বিষয়ে তাঁদের সঙ্গে বিএনপির নেত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে। বিরোধীদলীয় নেত্রী হরতাল সফল করতে জামায়াতে ইসলামীর নেতাদের সরাসরি মাঠে নামার আহ্বান জানিয়েছেন। জামায়াতের নেতারা তাঁকে জানিয়েছেন, বিএনপির দাবিগুলোর ব্যাপারে তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে হরতালের সমর্থনে তাঁদের কী ভূমিকা থাকবে, তা তাঁরা দলীয় সভায় ঠিক করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিজেদের মধ্যে বৈঠক করে আগামী রোববার জামায়াতে ইসলামী খালেদা জিয়াকে তাঁদের সিদ্ধান্তের কথা জানাবেন। জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক শেষ করার পর সমমনা অন্য কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির চেয়ারপারসন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির সভাপতি শওকত হোসেন নীলুসহ বেশ কয়েকজন নেতা এ সময় উপস্থিত ছিলেন। খালেদা জিয়া তাঁদের প্রতিও হরতালের সমর্থনে কর্মীদের নিয়ে মাঠে থাকার আহ্বান জানান। ওই নেতারা বিএনপির ডাকা হরতালের প্রতি নিজ নিজ দলের সমর্থন ব্যক্ত করেন এবং হরতাল সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা বলেছেন, আড়িয়ল বিলের ঘটনায় খালেদা জিয়াসহ অন্য সবার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, শেয়ারবাজারে অস্থিতিশীলতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার, দ্রব্যমূল্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।