হরতালে মাঠে নামল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার রাজধানীর চারটি স্থানে মিছিল করেছে চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। তবে দলটির নেতা-কর্মীরা রাজপথে খুব বেশি সময় অবস্থান করেননি। বেলা ১১টার দিকে জামায়াতের মতিঝিল থানা শাখার উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি শাপলা চত্বর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। পেছনে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে পুলিশের গাড়ি আসছে মনে করে মিছিলকারীরা পড়িমরি করে দৌড়ে আশপাশের গলি ধরে পালিয়ে যায়। নয়টার দিকে মিরপুরের কাজীপাড়া থেকে মিছিল বের করা হয় এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে কিছু দূর গিয়ে মিছিলটি শেষ হয়। সকাল ১০টার দিকে রমনা থানা জামায়াতের উদ্যোগে মালিবাগ মোড় থেকে মিছিল বের করা হয়। প্রায় একই সময় যাত্রবাড়ী থানা জামায়াতের উদ্যোগে আরেকটি মিছিল যাত্রাবাড়ী মোড় থেকে শুরু করে জুরাইনে গিয়ে শেষ হয়। কারওয়ানবাজারে তেজগাঁও থানা জামায়াতের মিছিল করার চেষ্টা পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়। এখান থেকে পুলিশ তিনজনকে আটক করে বলে জামায়াত অভিযোগ করেছে।বর্তমান সরকারের আমলে বিএনপির ডাকা তিনটি হরতালেই জামায়াত সমর্থন দেয়। তবে আগের দুটি হরতালে জামায়াতকে মাঠে দেখা যায়নি।