হরতালে মারমুখী পুলিশ, আটক ১৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা গতকাল মঙ্গলবারের হরতালে কার্যত মারমুখী ছিল পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। পুলিশের বাধার মুখে তেমনভাবে পিকেটিং করতে পারেননি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নরসিংদী, কুষ্টিয়া, বরিশালের উজিরপুর ও কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ৮৪ জন। সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ ১৪১ জনকে আটক ও গ্রেপ্তার করেছে।এদিকে হরতাল-সমর্থকেরা গতকাল ৩০টি গাড়ি ও তিনটি দোকান ভাঙচুর এবং দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এ ছাড়া ফেনীর দাগনভূঞা উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল একটি গ্যারেজে হামলা চালিয়ে ১৭টি গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নরসিংদী: সকালে নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির মিছিলে লাঠিপেটা করে পুলিশ। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বিএনপির ছয় সমর্থককে আটক করে পুলিশ। লাঠিপেটায় বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর, জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাছেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদসহ অন্তত ২৫ নেতা-কর্মী আহত হন। নেতা-কর্মীদের ইটের আঘাতে পুলিশের তিন কনস্টেবল আহত হন। যশোর: হরতালের সময় শহরে দুটি ট্রাক ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর, একটি ইজি বাইকে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পিকেটিংয়ের সময় কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম সম্পাদক নূর ইমামসহ ১৭ জনকে আটক করে পুলিশ। এদিকে বেনাপোল স্থলবন্দরে হরতালে প্রভাব পড়েনি। আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল।বগুড়া: সকাল সাতটার দিকে শহরের রংপুর সড়কের ঠেঙ্গামারায় একটি বাস ও দুটি ট্রাকের সামনের গ্লাস ভাঙচুর করে পিকেটাররা। সকাল সাড়ে ১০টায় খান্দারে পুলিশের বাধায় বিএনপির মিছিল হয়নি। বিকেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ লাঠিপেটা করে তাঁদের হটিয়ে দেয়। শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের নাগরকান্দি এলাকায় সকালে পিকেটাররা ধানবোঝাই একটি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। দিনাজপুর: সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার শিকদারগঞ্জ বাজারে পিকেটাররা একটি মোটরসাইকেল ও একটি চায়ের দোকান ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ যুবদলের কর্মী ভুট্টোকে গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ওসি ইকবাল হাসান জানান, সোমবার রাত থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।কুমিল্লা: হরতালের পক্ষে সকাল থেকেই শহরে খণ্ড খণ্ড মিছিল করে জেলা বিএনপির দুই পক্ষ। দুপুরে রানীর দীঘির পাড় ও নানুয়ার দীঘির পাড়ে পিকেটারদের লাঠিপেটা করে পুলিশ। প্রতিবাদে পিকেটাররা ভিক্টোরিয়া সরকারি কলেজ মোড়ে অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।কোতোয়ালি মডেল থানার তদন্ত (পরিদর্শক) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, বিএনপি, জামায়াত ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ফেনী: দুপুরে জেলার দাগনভূঞা উপজেলা সদরে পৌর ছাত্রলীগের আহ্বায়ক নুরুল আফছারের নেতৃত্বে ২০-২২ জন নেতা-কর্মী হরতালবিরোধী স্লোগান দিয়ে গাড়ি রাখার একটি গ্যারেজে হামলা চালিয়ে তিনটি পিকআপ ও সিএনজিচালিত ১৪টি অটোরিকশা ভাঙচুর করেন। এ ব্যাপারে বক্তব্য জানতে নুরুল আফসারের মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া গেছে। গৌরনদী (বরিশাল): বরিশালের উজিরপুরে পিকেটাররা তিনটি বাস ও দুটি অটোরিকশা ভাঙচুর করে। গুঠিয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বরিশাল-বানারীপাড়া সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। পুলিশ গাছ সরানোর চেষ্টা করলে বেলা ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। লালমনিরহাট: শহরের সাপটানা বাজার বাহাদুর মোড়সহ শহরের বেশ কয়েকটি স্থানে পিকেটারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। জেলার কালীগঞ্জ উপজেলায় চাপারহাট নামক এলাকায় পিকেটিং করার সময় বিএনপির ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলায় মিছিলে ছাত্রলীগের হামলায় থানা বিএনপির সভাপতি আবদুল গফুর মণ্ডল আহত হন। বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।কালাই উপজেলায় পুলিশের লাঠিপেটা ও ছাত্রলীগের ধাওয়ায় হরতাল-সমর্থকদের মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে। পুলিশ মিছিল থেকে উপজেলা যুবদলের একাংশের সাধারণ সম্পাদক আবদুস সবুরসহ তিনজনকে আটক করে। সিলেট: জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারে তিনটি অটোরিকশা ভাঙচুর, বৈরাগী বাজার ও টেংরা বটেরতল বাজারে গাড়ির টায়ার জ্বালানো হয়। দুপুরে উপজেলার তাজপুরবাজার থেকে ওসমানীনগর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদকে আটক করে পুলিশ।কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সকালে মিছিল বের করলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পিকেটাররা একটি ট্রাক ভাঙচুর করলে পুলিশ বিএনপির কর্মীদের ওপর লাঠিপেটা এবং ছয়জনকে গ্রেপ্তার করে। লাঠিপেটায় ২৫ নেতা-কর্মী আহত হন।কুষ্টিয়া: কুষ্টিয়ায় হরতালের সমর্থনে রাস্তায় বের হলে গতকাল পুলিশ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের লাঠিপেটায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সোহরাব উদ্দিনসহ আট নেতা-কর্মী আহত হন।পাবনা: চোরাগুপ্তা হামলা চালিয়ে গতকাল সদর উপজেলার রাজাপুর এলাকায় দুটি টেম্পো, ঈশ্বরদীর দাশুরিয়া মোড়ে একটি প্রাইভেট কার ও সাঁথিয়ার বনগ্রাম বাজারে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতকাল সকালে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে একটি ট্রাক ভাঙচুর করেন। হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস ও পরীক্ষা হয়নি।নওগাঁ: নওগাঁয় হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ আইনজীবী আহত হয়েছেন।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবায় গতকাল হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২টি ফাঁকা গুলি ছুড়েছে এবং চারজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ছাড়া গত সোমবার রাতে ও গতকাল হরতালের সময় মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া, পাবনার ঈশ্বরদী ও রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিএনপি, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইলে আ.লীগ নেতার মৃত্যু: শহরে গতকাল হরতালবিরোধী মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় হূদরোগে আক্রান্ত হন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধ এম এ খালেক (৬৩)। উপস্থিত নেতা-কর্মীরা দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।