হরতালে মুখোমুখি আ.লীগ-বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল রাজশাহী শহরের খড়খড়ি বাইপাস বাজার এলাকায় শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে দুই পক্ষের মধ্যে  সংঘর্ষ বাধে ষ ছবি: প্রথম আলো
১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল রাজশাহী শহরের খড়খড়ি বাইপাস বাজার এলাকায় শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ষ ছবি: প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে। ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হরতাল-সমর্থক, হরতালবিরোধী ও পুলিশের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনা না ঘটলেও পুলিশ, সাংবাদিকসহ তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে ১২ জন। বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় হরতাল শেষ হবে।

রাজধানীতে নাশকতা ও সহিংসতার চেষ্টাকালে পুলিশ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত একজনকে কারাদণ্ড দিয়েছেন। সকালে পল্টন, শাহজাহানপুর ও পুরান ঢাকায় হরতাল-সমর্থকেরা মিছিল বের করেন। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অদূরে নাইটিঙ্গেল মোড়ে পুলিশকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লার বাসভবনের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে কয়েকজন যুবক ফার্মগেটে আল-রাজী হাসপাতালের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেন। প্রায় একই সময়ে শাহবাগে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, হরতালের দ্বিতীয় দিনে বিরোধী দলের এক কর্মী নিহত, ছয় শতাধিক কর্মী গ্রেপ্তার, দুই হাজার এক শ নেতা-কর্মী আহত হয়েছেন। হরতাল প্রত্যাহার করে আলোচনায় যাওয়ার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, তার জবাবে ফখরুল বলেন, ‘কথা শুনে মনে হয়, তারা ধর্মপুত্র যুধিষ্ঠির, কেউ কখনো হরতাল করেনি।’ 

বিএনপির সাংসদদের যুব মহিলা লীগের ধাওয়া:
সকালে সংসদ ভবন এলাকায় বিএনপির সাংসদেরা মিছিল বের করলে যুব মহিলা লীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন এবং চড়াও হওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ ভবনের দক্ষিণ গেট এলাকায় বিএনপির ১২ জন সাংসদ মিছিল ও সমাবেশ করেন। এ সময় যুব মহিলা লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে বিএনপির সাংসদদের দিকে তেড়ে যান। তাঁদের কয়েকজনের হাতে লাঠিও দেখা যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে বিএনপির সাংসদেরা সংসদ ভবনের পূর্ব ট্যানেলে বিক্ষোভ-সমাবেশ করেন। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এদিকে গতকালও ঢাকায় তত্পর ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

মুখোমুখি আ.লীগ-বিএনপি: চট্টগ্রামে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী সকালে দেওয়ানহাট মোড়ে হরতালের সমর্থনে সমাবেশ করেন। অদূরে আওয়ামী লীগের হরতালবিরোধী কর্মসূচি চলছিল। আমীর খসরু সমাবেশ শেষ করে চলে যাওয়ার সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বিএনপির কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। সংঘর্ষে ১৫-২০ জন আহত হন। সকালে স্টেশন রোডে বিএনপির মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ককটেল হামলা চালান। এতে চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন সামশুল আলম ও দেশ টিভির ক্যামেরাপারসন মোহাম্মদ হাসান আহত হন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর এলাকায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। বিএনপির কর্মীরা ৭০-৮০টি ককটেল ফাটায়। পুলিশও প্রায় অর্ধশত রাবার বুলেট ছুড়ে পাল্টা জবাব দেয়। সংঘর্ষে পুলিশের নয় সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। এদিকে উপজেলা সদরে হরতাল-সমর্থকেরা লক্ষ্মীপুরগামী একটি লাশবাহী গাড়িতে হামলা চালান। পুলিশ বিএনপি-জামায়াতের ২৮ জন কর্মীকে আটক করে। সীতাকুণ্ডে সোমবার রাতে ১০টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। এ সময় দুজন গাড়িচালক আহত হন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভঙ্গানিয়া এলাকায় সোমবার রাতে বেক্সিমকোর ওষুধবাহী একটি গাড়িতে হামলা চালান হরতাল-সমর্থকেরা। বারহাট্টা উপজেলা জামায়াতের আমির নাজমুল হককে গতকাল সকালে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার রাতে গ্রেপ্তার হন পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা।

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারে সকালে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ৩০ জন আহত হয়। এ সময় ১০টি দোকান ভাঙচুরও করা হয়। সোমবার রাতে চাঁদপুর সদরের ঘোষেরহাট এলাকায় দুই দলের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হয় ১৫ জন। জেলার ফরিদগঞ্জের লতিফগঞ্জে দুই দলের সংঘর্ষে শাহজাদা নামের একজন গুলিবিদ্ধ হন। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তার শহীদ মোহামঞ্চদ আলী সড়কে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেন। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল চৌরাস্তা পার হওয়ার সময় দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ শতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ২৫ জন আহত হন।
খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারের স্টেশন রোড এলাকার ১০-১১টি দোকানে ভাঙচুর চালায় জামায়াত। খবর পেয়ে আওয়ামী লীগের কর্মীরা জড়ো হলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়। এ ঘটনার জের ধরে গতকাল গুণবতী বাজার ও কর্তাম গ্রামে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে জহির নামের শিবিরের এক কর্মী গুলিবিদ্ধ হন। আহত হন আরও ২০ জন। এদিকে কুমিল্লা নগরের ছাতিপট্টি থেকে কাটাবিল পর্যন্ত দুপুরে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপির দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ তিন শতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ ১৫ জন আহত হন।
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের খেজুরতলায় সোমবার রাতে পিকেটারদের ঢিলের আঘাতে একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি দোকান ও বসতঘরে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় বসতঘরটির দেয়াল ভেঙে দুই ব্যক্তি ইটের নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে।

সাতক্ষীরার আশাশুনি কলেজ মাঠে সমাবেশ করার জন্য গতকাল সকালে কয়েক হাজার হরতাল-সমর্থক জড়ো হন। এ সময় তাঁরা টহলরত পুলিশের একটি পিকআপে হামলা চালালে পুলিশও কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও গুলি ছোড়ে। সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ মোট ১৫ জন আহত হন।

সকালে রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস চৌরাস্তার মোড়ে পুলিশ অবস্থান নেয়। সোয়া নয়টার দিকে শিবিরের কর্মীরা তাদের লক্ষ্য করে ১০-১২টি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও দুই শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

ময়মনসিংহ-৬
(ফুলবাড়িয়া) আসনের সাংসদ মোসলেম উদ্দিনের ময়মনসিংহ শহরের নাহা রোডের বাসভবনে সোমবার রাতে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গতকাল ককটেল ফাটানো হয়। এ সময় নিউ ঢাকা রোডের রেলগেট থেকে পুলিশ একজনকে আটক করে। এদিকে শহরের বাহিরগোলায় সকালে লাঠি মিছিল বের করে জামায়াত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সকালে পিকেটিংকালে পুলিশ দুই মাদ্রাসাশিক্ষার্থীসহ তিনজনকে আটক করে। টাঙ্গাইলের ঘাটাইলে ভোরেই গাছের গুঁড়ি ফেলে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক অবরোধ করেন হরতাল-সমর্থকেরা।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সি/এ মার্কেট এলাকায় হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সকালে পিকেটিং করেন হরতাল-সমর্থকেরা। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ছয়জনকে আটক করে পুলিশ। বরগুনার আমতলী উপজেলায় আটক হয়েছেন বিএনপির আরেক কর্মী।

রংপুর নগরজুড়ে গতকাল ককটেল ফাটানো হয়। পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। খুলনার ডুমুরিয়া উপজেলায় গ্রেপ্তার হন জামায়াতের নেতা শেখ শাহাদাত হোসেন। মৌলভীবাজার শহরতলির চাঁদনীঘাট এলাকা থেকে গতকাল সকালে আটক হয়েছে ছয় পিকেটার। 


নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় সকালে যুবদলের নেতা-কর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ লোহার পাইপ ফেলে আধা ঘণ্টা অবরোধ করেন এবং ১০-১২টি ককটেল ফাটান। রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। পুলিশ বিএনপির চার কর্মীকে আটক করে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি সকালে বিশাল মিছিল বের করলে মিছিলকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও পুলিশের মুহুর্মুহু গুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশের এক সদস্য ও বিএনপির ১০ নেতা-কর্মী গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশত আহত হন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।]