হরতালে মুন্সিগঞ্জে সহিংসতা, গুলিবিদ্ধ ১৫, আহত ৫ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় গতকাল শনিবার হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন।
আহত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলা যুবদলের সভাপতি মোহামঞ্চদ হোসেনসহ ১৫ জন গুলিবিদ্ধ হন। আর ইটপাটকেলে আহত হন একজন উপপরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের পাঁচ সদস্য।
পুলিশের ছররা গুলিতে আহত ১০ জনকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিতে আহত অপর পাঁচজন এবং আহত পুলিশ সদস্যরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ করা হয়। ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ তুলে জেলা বিএনপি গতকালের এই হরতাল আহ্বান করেছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১০টায় মুন্সিগঞ্জ শহরের হাতিমারা চৌরাস্তা এলাকায় হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মী এবং তাঁদের পাশাপাশি নির্বাচন বাতিলের দাবিতে এলাকার কয়েক শ নারী-পুরুষ অবস্থান নেন। অবস্থানকারীরা ঢাকা-মুক্তারপুর-টঙ্গিবাড়ী এবং ঢাকা-মুক্তারপুর-সিরাজদিখান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে মিলিতভাবে তাঁরা একটি মিছিল নিয়ে সদরের সিপাহীপাড়া এলাকার দিকে যান। মিছিলটি সিপাহীপাড়া চৌরাস্তার কাছে পৌঁছলে পুলিশ সেটি আটকে দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে জবাবে পুলিশ ছররা গুলি ছোড়ে। গুলিতে আহত হন ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্যরাও যোগ দেন।
গুলিতে আহত ব্যক্তিরা হলেন: মোহাম্মদ হোসেন, আবদুল লতিফ, মাসুদ শেখ, ইয়াসিন দেওয়ান, মো. কামাল, নূর হোসেন, ফারুক হোসেন, রানা পুস্তি, মো. রাসেল, মো. জিকু, শাহজাহান সাজু ও মিল্লাত হোসেন। বাকি তিনজনের নাম জানা যায়নি। তাঁদের মধ্যে যুবদল নেতা মোহামঞ্চদ হোসেনের মাথায় গুলি লাগে।
আহত পুলিশ সদস্যরা হলেন: হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান, এএসআই মনিরুজ্জামান, কনস্টেবল তুহিন মনির, মিরাজ ও ওবায়দুল।
জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন দাবি করেন, ‘পুলিশ শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে আমাদের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে আহত করেছে।’ সংঘর্ষের ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তখন গুলি চালায়।’
এদিকে হরতালে মুন্সিগঞ্জ সদর থেকে ভারী কোনো যানবাহন ছেড়ে যায়নি। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। তবে রিকশা-অটোরিকশা চলাচল করেছে।
দুই জেলায় আজ হরতাল: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ও তাঁর লোকজনের বিরুদ্ধে ভোট ছিনিয়ে নেওয়ার অভিযোগে জেলায় আজ রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
অন্যদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে নাটোর সদরে ভোট জালিয়াতির অভিযোগে এই জেলাতেও আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
নোয়াখালীতে হরতাল প্রত্যাহার: নোয়াখালীর পাঁচ উপজেলায় গত বৃহস্পতিবার নির্বাচনকালে ভোটকেন্দ্র দখল, হামলা-ভাঙচুর এবং ভোটারদের বাধা দেওয়ার প্রতিবাদে সেখানে আজ রোববার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। শহরের পৌর বাজারে আয়োজিত গতকাল এক প্রতিবাদ সমাবেশে দলটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, এসএসসি ও স্নাতক (ডিগ্রি) পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে হরতাল কর্মসূচি বাতিল করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নোয়াখালী অফিস, মুন্সিগঞ্জ, চকরিয়া (কক্সবাজার) ও নাটোর প্রতিনিধি]