হরতালে যশোর থেকে সবজি সরবরাহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতালের কারণে যশোরে সবজির বৃহৎ পাইকারি মোকাম বারীনগর থেকে সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো যাচ্ছে না। যশোরের বাইরে পাঠাতে না পারায় বেশির ভাগ কৃষক খেত থেকে সবজি তুলছেন না। ফলে স্থানীয় খুচরা বাজারেও সবজির সংকট দেখা দিয়েছে। প্রতি কেজি সবজিতে দাম আট থেকে দশ টাকা বেড়েছে।
মোকামের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরতালের কারণে মোকামে সবজি উঠেছে অনেক কম। ফলে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে শিম, বেগুন ও মুলা পাইকারি বেচাকেনা হচ্ছে। হরতালের প্রথম দিনে এ বাজারে আট থেকে দশ টাকা কেজি দরে শিম, বেগুন ও মুলা কেনাবেচা হয়েছে। তিন গুণ বেশি ভাড়া দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে পাঁচ ট্রাক সবজি রোববার রাতে ঢাকায় পাঠাতে পেরেছেন ব্যবসায়ীরা। কৃষকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে এসব সবজি ব্যবসায়ীরা কিনে নিয়েছেন।
বারীনগর হাটের ইজারাদার ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক দিন পর পর এ মোকাম থেকে অন্তত ৪০ ট্রাক করে সবজি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। হরতালের প্রথম দিনে অনেক কৃষকের সবজিবোঝাই ভ্যান হরতাল সমর্থকেরা ফিরিয়ে দিয়েছেন। এ কারণে হরতালের দ্বিতীয় দিনে কৃষকেরা খেত থেকে সবজি তোলার ঝুঁকি নেননি। এ অবস্থায় মোকামে সবজির সরবরাহ কমে গেছে; বেড়ে গেছে দাম। তিনি জানান, এই সবজির হাট সব সময় হরতালের আওতামুক্ত থাকে। কিন্তু এবার অবস্থা উল্টো।
যশোরের বিভিন্ন খুচরা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম কেজিতে আট থেকে দশ টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির আশানুরূপ সরবরাহ নেই। ফলে বেশি দামে সবজি কিনতে হচ্ছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ যশোরের উপপরিচালক হেমায়েত হোসেন বলেন, যশোর থেকে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকায় আড়াই লাখ মেট্রিক টন সবজি সরবরাহ করা হয়।