হরতালে যশোরের সাতটি স্থান বিপজ্জনক
হরতালে যশোর-খুলনা ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের সাতটি স্থান (পয়েন্ট) অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।
এসব জায়গায় লাঠিসোঁটা, রড ও হকিস্টিক নিয়ে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা রাজপথে অবস্থান নেন। পুলিশ টহল দিলেও মানুষ কর্মস্থলে যেতে পারেন না।
যানবাহন তো দূরের কথা বাইসাইকেল পর্যন্ত চলাচল করতে দেওয়া হয় না। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাওয়ার জন্য মানুষ বের হলেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেন না। বিশেষ করে, চাকরিজীবীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
বিপজ্জনক সাতটি স্থান হলো যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার রূপদিয়া, বসুন্দিয়া ও অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া; যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা, বেগারিতলা ও লাউড়ি মোড় এবং মনিরামপুর-নেহালপুর সড়কের গোপালপুর মোড়।
সাম্প্রতিক হরতালে এসব এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে লাঠিসোঁটা, রড নিয়ে পিকেটারদের অবস্থান নিতে দেখা গেছে। রাস্তার ওপর বেঞ্চ পেতে তাঁরা বসে থাকেন। সাংবাদিক, শিক্ষক, দিনমজুর কাউকে কর্মস্থলে যেতে দেওয়া হয় না।
সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকে ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথা পত্রিকার সাংবাদিক লাবুয়াল হোসেন সদর উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে শহরে আসার পথে রূপদিয়া এলাকায় পৌঁছালে তাঁর ব্যবহূত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় তাঁকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিতে হয়েছে।
এদিন যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বাগারিতলা এলাকায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের এক চালককে প্রকাশ্যে কান ধরে ওঠবস করে হরতালে গাড়ি বের না করার মুচলেকা দিয়ে হরতালকারীদের হাত থেকে মুক্ত হতে হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, প্রতিদিন যশোর শহর থেকে ২০ কিলোমিটার দূরে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়ায় যেতে হয়। আগের হরতালে মোটরসাইকেলে করে যাওয়া গেছে। কিন্তু এখন মোটরসাইকেলও হরতালকারীরা থামিয়ে দিচ্ছেন। একদিকে হরতালকারীদের কারণে স্কুলে যেতে পারছি না, অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নোটিশের জবাব দিতে হচ্ছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মনিরামপুর উপজেলার বেগারিতলা, চালকিডাঙ্গা ও নেহালপুর সড়কের গোপালপুর বাজারে একটু ঝামেলা হচ্ছে। ১০-১৫ জন পুলিশ নিয়ে আক্রমণে যাওয়াটাও অনেক কঠিন। অনেক সময় দেখে ফিরে আসতে হয়। কিছুই করার থাকে না। তবে টহল দল মাঠে থাকায় পরিস্থিতি এখন অনেকটা ভালো।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রথম আলোকে বলেন, হরতালে দুটি গাড়ি দিয়ে টহল দেওয়া হয়। টহলে অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। অনেক সময় সংঘাত এড়াতে অ্যাকশনে যাওয়া যায় না।