হরতালে যাত্রীবাহী বাসে আগুন, পুড়ে গেছেন চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ বাসচালক নজরুল ইসলাম। ছবি: ইউসুফ সাদ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ বাসচালক নজরুল ইসলাম। ছবি: ইউসুফ সাদ

জামায়াত-শিবিরের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গাজীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছেন ওই বাসের চালক। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন যাত্রী। পুলিশের ভাষ্য, শিবিরের কর্মীরা ওই বাসে আগুন দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ বাসচালকের নাম নজরুল ইসলাম (৪০)। তাঁকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিত্সকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক। নজরুলের শরীরের ৬৫ ভাগ পুড়ে গেছে। তাঁর বাড়ি গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুর শহর থেকে সকাল নয়টার দিকে ভিআইপি-২৭ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। চান্দনা চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে কয়েকজন যাত্রী সেজে ওই বাসে ওঠেন। তাঁরা শিবিরের কর্মী বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ ধারণা করছে। বাসটি ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের সামনে পৌঁছালে তাঁরা বাসে কেরোসিন ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় প্রথমে চালকের আসনে আগুন লাগে। সেখান থেকে  চালকের শরীরে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় চালক বাসটি থামিয়ে দৌড়ে বেরিয়ে যান। এ সময়  আশপাশের লোকজন তাঁর শরীরের আগুন নেভান। অগ্নিসংযোগের পর বাস থেকে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, তিনি চিকিত্সকের কাছে শুনেছেন বাসচালক নজরুল ইসলামের অবস্থা গুরুতর।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।