হরতালে যানবাহনের অভাবে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের মুখে ফুটপাতে গামছা বিছিয়ে শুয়ে ছিলেন মো. শাহাবুদ্দিন। ঘড়িতে তখন দুপুর সাড়ে ১২টা। পাশে ব্যাগ। জানালেন, তিনি ওমান যাবেন। গতকাল রোববার রাত ১০টায় ফ্লাইট। হরতালের কারণে গত শনিবারই লক্ষ্মীপুর থেকে রওনা দেন। বিমানবন্দরে পৌঁছেছেন শনিবার দিবাগত রাত তিনটায়। এরপর থেকে ফুটপাতে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন।শাহাবুদ্দিনের আশপাশে দেখা গেল, টাঙ্গাইলের দরবেশ আলী, রাজবাড়ীর পাংশার আবুল হোসেনসহ আরও কয়েকজন বিদেশগামী যাত্রীকে। হরতালের কারণে তাঁরাও যানবাহন না পাওয়ার আশঙ্কায় অনেক আগেই বিমানবন্দরে এসে ফুটপাতে অপেক্ষা করছেন; পোহাচ্ছেন দুর্ভোগ। সঙ্গে আছেন বিদায় জানাতে আসা স্বজনেরা।আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাঁদেরই ঢাকায় আসার দরকার ছিল তাঁরা শনিবার পড়িমড়ি করে রওনা দিয়েছেন। শনিবার বেলা দুইটায় বাড়ি থেকে রওনা দিয়ে রাস্তায়, ফেরিঘাটে যানজটের কারণে রাত তিনটায় বিমানবন্দরে পৌঁছেছি। তখন থেকে বসে আছি। ঘুমাতেও পারছি না চুরির ভয়ে।’এদিকে গতকাল বিদেশ থেকে আসা অনেক যাত্রী যানবাহনের অভাবে দীর্ঘক্ষণ বিমানবন্দরে আটকা পড়েন।গতকাল বিএনপির আহূত সকাল-সন্ধ্যা হরতালে যানবাহনের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে কর্মস্থলগামী ও বিভিন্ন প্রয়োজনে বাইরে আসা রাজধানীবাসীকেও। নগরে বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা চলেছে কম। এসব যানের অভাবে মানুষের যাতায়াতের মূল ভরসা ছিল রিকশা, রিকশাভ্যান। এ সুযোগে এ দুই যানের ভাড়াও গুনতে হয়েছে বেশি। রিকশা-ভ্যান না পেয়ে বা ভাড়ায় কুলাতে না পেরে অনেকে অনেকটা পথ হেঁটে কর্মস্থলে বা গন্তব্যে গেছেন। মোটরযান না পেয়ে গুরুতর রোগীকেও হাসপাতালে নিতে হয়েছে রিকশা, ভ্যানে করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মাদারটেকের আবদুল জলিল প্রথম আলোকে জানান, তাঁর ভাগনে দীন ইসলাম (২৫) সাইনবোর্ড লাগাতে গিয়ে নিচে পড়ে যায়। রিকশায় করে তাকে হাসপাতালে আনেন। বেলা দেড়টার দিকে সে মারা গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও গতকাল রোগীর সংখ্যা ছিল অপেক্ষাকৃত কম।যানবাহন কম থাকায় নগরে গতকাল চিরচেনা যানজট ছিল না। নগরের তিনটি আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দূরপাল্লার বাস না চলার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কামাল হোসেন প্রথম আলোকে বলেন, হরতাল চলাকালে ঢাকার ভেতরেও নব্বই ভাগ বাস চলেনি। আজ সোমবারও একই অবস্থা থাকবে।কারওয়ান বাজারে আখের রস বিক্রেতা তবিবুর বলেন, ‘প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার টাকার রস বিক্রি হয়। আইজ (রোববার) সকাল থন হইছে চাইর শ টাকা। হরতাল হইলে বড়ই অসুবিধা। ঘন ঘন হরতাল হইলে চলব ক্যামনে?