হরতালে যে সড়কটি বিপজ্জনক হয়ে ওঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের বাইপাস সড়কটি হরতালের দিন ভোরে অথবা সন্ধ্যায় বিপজ্জনক হয়ে ওঠে। হরতাল-সমর্থক বিশেষ করে জামায়াত-শিবিরের কর্মীরা এ সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর গাড়ি থামিয়ে ভাঙচুর, কেরোসিন ঢেলে আগুন দেওয়া, গাড়ি উল্টে গর্তে ফেলে দেওয়ার মতো ধ্বংসাত্মক কাজ করা হয়। উদ্ধার করতে গেলে পুলিশকেও তারা জিম্মি করে ফেলছে।
পুলিশ বলছে, সড়কটি পাঁচটি থানা এলাকার মধ্যে পড়লেও থানা থেকে অনেক দূরে হওয়ায় হরতাল-সমর্থকেরা সেখানে নাশকতা ঘটানোর সুযোগ পাচ্ছে। পুঠিয়া উপজেলার বেলপুকুর থেকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার জুড়ে ওই বাইপাস সড়কটি। সড়কের আমচত্বর থেকে বেলপুকুর পর্যন্ত এলাকাটি বেশি ভয়াবহ হয়ে উঠেছে।
পুলিশ জানায়, এই এলাকার কুখণ্ডি, চকপাড়া, নারিকেলবাড়িয়া, খড়খড়ি, পারিলা, নতুন বুধপাড়া, উজিরপুর, বামন শিখর, মল্লিকপুর ইত্যাদি গ্রাম জামায়াত-শিবির অধ্যুষিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিবিরের কর্মীরা এসব গ্রামে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
তা ছাড়া পুুঠিয়া থানা থেকে এই সড়কের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার, বোয়ালিয়া থানা থেকে প্রায় ১২ কিলোমিটার, মতিহার থানা থেকে প্রায় আট কিলোমিটার, রাজপাড়া ও শাহমখদুম থানা থেকে কিছুটা কাছে হলেও পুলিশ খবর পেয়ে সেখানে যেতে না যেতেই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আর নাশকতা চালানোর জন্য শিবিরের কর্মীরা ভোরেই ওই সড়কে অবস্থান নেয়। উত্তরাঞ্চল থেকে মালবোঝাই করে ছেড়ে যাওয়া অথবা ঢাকা থেকে আসা গাড়িগুলো ভোরে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
সর্বশেষ গত মঙ্গলবার সড়কের খড়খড়ি এলাকায় জামায়াত-শিবিরের কর্মীদের হামলার খবর পেয়ে দুই প্লাটুন পুলিশ গেলে তারা চারদিক থেকে পুলিশকে ঘেরাও করে হামলা চালায়। তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। একসময় পুলিশ অসহায় হয়ে পড়ে। খবর পেয়ে রাজশাহী শহর থেকে আরও দুই প্লাটুন পুলিশ একটি সাঁজোয়া যান (এপিসি) নিয়ে তাদের উদ্ধার করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এবার তারা যে মামলা করেছেন, তাতে স্থানীয়দের আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে পারলে শিবিরের আশ্রয়দাতার সংখ্যা কমে যাবে। সড়কটিও নিরাপদ হতে পারে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেন, এক বছরে তিনি ওই এলাকায় প্রায় ৪০টি অভিযান চালিয়েছেন। তবে ঘনবসতি, সরু ও ভাঙাচোরা রাস্তাঘাট, বাইপাস সড়কের দুই পাশে অরণ্যের মতো আখখেত ইত্যাদি অভিযান চালানোর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুধু নারী ও শিশু ছাড়া কাউকে পায় না। তিনি আরও বলেন, তাঁদের কৌশল সম্পর্কে পুলিশকে আরও গবেষণা করতে হবে।