হরতালে রাজধানীতে ককটেল বিস্ফোরণ

সারা দেশে ইসলামী ছাত্রশিবিরের ডাকা আজ বুধবারের সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাজধানীতে এ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম। রাজধানীর প্রতিটি সড়কে রিকশা চলাচল ছিল চোখে পড়ার মতো।

দোকানপাট খোলা রয়েছে। গুলশান: ভোর সাড়ে ছয়টার দিকে শাহজাদপুর এলাকায় একটি গলির মুখে শিবিরের কর্মীরা জড়ো হয়ে পাঁচ থেকে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে টহল পুলিশ পৌঁছালে তাঁরা পালিয়ে যান। প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান-বাড্ডা এলাকার পুলিশের টহল-পরিদর্শক মোহাম্মদ শাহজাহান। মিরপুর: সকাল সাতটার দিকে মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। এর কিছু সময় পর পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। কেন্দ্রীয় সভাপতির মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে শিবির এই হরতালের ডাক দেয়।তাদের এই হরতালে গতকাল জামায়াতে ইসলামী সমর্থন দিয়েছে। গাজীপুর সিটি করপোরেশন এলাকা ও কিশোরগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।