হরতালে রাজপথে সক্রিয় ছিল সরকারি দল
১৮ দলের টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে রাজধানী ঢাকায় মাঠে ছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। খণ্ড মিছিল, দলীয় কার্যালয়ে ও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান-বক্তৃতার মাধ্যমে রাজপথে নিজেদের উপস্থিতি জানান দেয় আওয়ামী লীগ।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেলে মহড়া দিতেও দেখা যায়। দলের নেতাদের দাবি, ‘জনগণের জানমাল’ রক্ষায় রাজপথে তাঁদের এই উপস্থিতি। ১৪ দলের শরিক দলগুলোর নেতারাও কার্যালয়গুলোতে অবস্থান নিয়ে হরতাল পর্যবেক্ষণ করেন।
গুলিস্তান, জিরো পয়েন্ট, যাত্রাবাড়ী, হাজারীবাগ, ধানমন্ডি-৩২, শংকর, কারওয়ান বাজার ও মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিল-সমাবেশ হয়েছে বলে জানা গেছে। অনেক স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
হরতালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন: গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের এই হরতালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, বিরোধী দলের আল্টিমেটামের আগেই বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রী ফোন করেছেন। তাঁকে আলোচনার জন্য ২৮ অক্টোবর দাওয়াত দিয়েছেন। এরপর আর হরতাল কেন?
খালেদাকে ধিক্কার: গতকাল বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী অবস্থানের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আচরণে জাতি হতাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি জাতির সঙ্গে বেইমানি ও মোনাফেকি করেছেন। আমরা তাঁর এই আচরণের ধিক্কার জানাই।’ হানিফ বলেন, ‘খালেদা জিয়ার আচরণে সংলাপ ভেস্তে গেলে এর দায়ভার তাঁকেই নিতে হবে। সংলাপ করতে প্রধানমন্ত্রী অনেক ছাড় দিয়েছেন। বিরোধী দল এগিয়ে না এলে সংলাপের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকবে।’
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী হরতাল করছে।’