হরতালে রাজপথে সক্রিয় ছিল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের গতকাল বুধবারের হরতালে রাজপথে সক্রিয় ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি।রাজধানীর কাকরাইল মোড়ে যুবলীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সমাবেশে হানিফ বলেন, দেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আস্থা নেই। তাই তিনি মাঝেমধ্যেই বিদেশিদের কাছে ধরনা দেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি বিদেশিদের আহ্বান জানান। এতে সফল হতে না পেরে তিনি এখন সামরিক বাহিনীকে উসকে দিচ্ছেন। যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির নামে রাজপথে গাড়ি পোড়ানো, জ্বালাও-পোড়াও চলতে পারে না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। বাংলার যুবসমাজ এদের বিরুদ্ধে রুখে দাঁড়বে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকার জন্য আপনি নিয়মিত মিথ্যাচার করে চলেছেন। মনে রাখবেন বিরোধী দল হলো ছায়া সরকার। আপনাদেরও কিছু দায়িত্ববোধ আছে।’ যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের নেতা ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশিদ, মহিউদ্দীন আহমদ, নূরুন্নবী চৌধুরী, ওহিদুল আলম প্রমুখ। এ ছাড়া গতকাল সকালে কারওয়ান বাজার এলাকা থেকে হরতালবিরোধী মিছিল বের করে ছাত্রলীগ। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে মহাখালীতে হরতালবিরোধী সমাবেশ হয়। ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকে। এ ছাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী সমাবেশ করে।