হরতালে লেনদেন স্বাভাবিক
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালে রাজধানীর মতিঝিলের দিলকুশা ব্যাংকপাড়াসহ আশপাশের এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলছে।
বেলা একটা পর্যন্ত মতিঝিল এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে জানা যায়, ডিএসই ও সিএসইতে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে স্বাভাবিক লেনদেন চলছে। দুই বাজারেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। তবে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কিছুটা কম বলে কয়েকটি হাউস সূত্রে জানা গেছে।
ব্যাংকগুলোতেও সকাল থেকে স্বাভাবিক লেনদেন চলছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক আ ফ ম আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাদেশ ব্যাংকে হরতালের কোনো প্রভাব নেই। সকাল থেকেই স্বাভাবিক লেনদেন চলছে। অন্য ব্যাংকগুলোয় লেনদেন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল ১০টায় নির্ধারিত সময়ের আগেই কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন। তবে গ্রাহক উপস্থিতি তুলনামূলক কম বলে জানান তিনি।
মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার পুলিশের পরিদর্শক (পিআই) শেখ আবুল বাশার। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, সকাল থেকে মতিঝিলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।