হরতালে শহীদ মিনারে বন্দী সিলেট বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে বিএনপির নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার হরতালের সমর্থনে কয়েকবার মিছিল বের করার চেষ্টা করেন। তবে পুলিশ তাতে বাধা দেয়। দুপুরে নেতা-কর্মীরা নগরের জিন্দাবাজারে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান নেন। শহীদ মিনারের ফটকে পুলিশ অবস্থান নিলে নেতা-কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন।হরতাল চলাকালে জামায়াত সংক্ষিপ্ত মিছিল করলেও ১৮ দলীয় জোটের অন্য কোনো দলের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। আর বিএনপির নেতা-কর্মীরা মাঠে থাকার সুযোগ না পাওয়ায় সিলেটে গতকাল ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। নগরের বিপণিবিতানগুলো বন্ধ ছিল। দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। হরতাল চলাকালে সকালে শিবগঞ্জ, মিরাবাজার, উপশহর, সোবহানীঘাট, নাইওরপুলসহ নগরের বিভিন্ন এলাকায় পিকেটিং করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে কুমারপাড়া পয়েন্টে জমায়েত হয়ে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে আসার পর পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা বিএনপির নেতা-কর্মীরা নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে মিছিল করে সমাবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠেন। একপর্যায়ে পুলিশের বাধার মুখে বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। শহীদ মিনারের সামনে পুলিশ অবস্থান নেওয়ায় তাঁরা আর বাইরে বের হতে পারেননি। সেখানে অনেকটা বন্দী অবস্থায় সংক্ষিপ্ত সভা ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। সভায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান প্রমুখ বক্তব্য দেন।বিএনপির নেতা রেজাউল হাসান অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাইলেও পুলিশ বাধা দিয়েছে। তাই বাধ্য হয়েই তাঁরা শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। বেলা দুইটায় সিলেট মহানগর ছাত্রদল মিছিল বের করে। নগরের কোর্ট পয়েন্টে যাওয়ামাত্র পুলিশ মিছিলে বাধা দেয়। বাধা পেয়ে সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন নেতা-কর্মীরা। এতে নগর ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফয়েজ, শফিকুর রহমান, আবদুস সামাদ প্রমুখ।অন্যদিকে দুপুরে জিন্দাবাজার এলাকা থেকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলামসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।