হরতালে গতকাল বৃহস্পতিবার আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন চট্টগ্রামের পটিয়ার আইনজীবীরা। ‘নিরাপত্তাজনিত’ কারণে পটিয়া আইনজীবী সমিতির সদস্যরা এত দিন হরতালের সময় আদালতের কার্যক্রমে অংশ নিতেন না।
পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, হরতাল এবং লাগাতার অবরোধ শুরু হওয়ার পর দুই মাস ধরে পটিয়া আদালতের কার্যক্রম প্রায় অচল ছিল। আইনজীবীরা অবরোধের দিন মামলার শুনানিতে অংশ নিতেন। তবে হরতালের সময় তাঁরা আদালতের কার্যক্রমে অংশ নিতেন না। তিনি বলেন, হরতালে আইনজীবীরা মামলার শুনানিতে অংশ না নেওয়ায় ভোগান্তিতে পড়েন বিচারপ্রার্থীরা। অন্যদিকে মামলার জট বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে গত বুধবার পটিয়া আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিচারপ্রার্থীদের ভোগান্তি ও মামলার জট নিরসনে বৃহস্পতিবার থেকে হরতালের সময়ও আইনজীবীরা মামলার শুনানিতে অংশ নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
আশীষ কুমার চৌধুরী জানান, এত দিন নিরাপত্তাজনিত কারণে তাঁরা হরতালের সময় আদালতের কার্যক্রমে অংশ নিতেন না।
গতকাল বেলা ১১টা থেকে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম শুরু হয়। আইনজীবীরা মামলার কার্যক্রমে অংশ নেওয়ায় গতকাল আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে আদালত চত্বর। বেলা তিনটা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম।