হরতালে শুনানিতে অংশ নেবেন আইনজীবীরা
২৬ বছর পর হরতালে চট্টগ্রাম আদালতে মামলার শুনানিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, যে দলেরই হরতাল কর্মসূচি থাকুক, ওই দিন বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুনানিতে অংশগ্রহণ করবেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার বেলা একটায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী জ্যেষ্ঠ আইনজীবীরা একমত হয়ে এ সিদ্ধান্ত নেন। ফলে আজ বুধবার থেকে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মামলার শুনানিতে অংশগ্রহণ করবেন আইনজীবীরা।
১৯৮৯ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়, যে দলেরই হরতাল হোক, শুনানিতে কোনো আইনজীবী অংশ নেবেন না। ফলে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালে দুই মাস ধরে শুনানিতে অংশ নিচ্ছেন না আইনজীবীরা। তিন দিন ধরে হরতালে শুনানিতে অংশ নেবেন কি নেবেন না—এ নিয়ে আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি সমাবেশ করে আসছেন। তিন দিন ধরে বিচারকেরা এজলাসে বসলেও বিএনপিপন্থী আইনজীবীদের অনুরোধে এজলাস থেকে নেমে যান। দফায় দফায় মতবিনিময় সভা করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সমিতি। এ অবস্থায় সমিতি গতকাল এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মতবিনিময় সভায় বসে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ, মামলাজট কমানো ও আইনজীবীদের কথা বিবেচনা করে সমিতি বারের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে গতকাল মতবিনিময় সভা করে। সভায় সিদ্ধান্ত হয়, মামলার শুনানিতে অংশগ্রহণ করবেন আইনজীবীরা।
কোনো আইনজীবী হরতালে শুনানিতে অংশগ্রহণ না করলে এবং বিরোধিতা করলে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনামুল হক।
হরতালে শুনানিতে অংশগ্রহণ করবেন কি না, জানতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীদের নেতা মো. আবদুস সাত্তার বলেন, গঠনতন্ত্র অনুযায়ী বারের সিদ্ধান্ত মানতে হবে।
এদিকে গতকাল সকাল ১০টায় তৃতীয় দিনের মতো এজলাসে বসেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম নুরুল হুদা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. ওবায়দুস সোবহানসহ বেশ কয়েকজন বিচারক। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করলে বিচারকেরা এজলাস থেকে নেমে যান।