আজ মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ দলীয় নেতা-কর্মীদের রাস্তায় থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় নেতারা। গতকাল সোমবার বিকেলে নগরের নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা এ নির্দেশ দেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী কর্মীদের উদ্দেশে বলেন, ‘ফজরের নামাজ পড়ে আপনারা রাস্তায় বের হয়ে যাবেন। বেলা দুইটার পর ঘরে ঢুকে গেলে হবে না। সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। প্রয়োজনে কাল রোজা থাকবেন। পারবেন না কাল রোজা রাখতে?’ এ সময় কর্মীরা হাত তুলে সারা দিন রাস্তায় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল নাসিমন ভবন চত্বরে ১৮ দলের এই সমাবেশে বিএনপির পাশাপাশি জামায়াত-শিবির, এলডিপি ও জাগপার নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশ উপলক্ষে নগরের কাজীর দেউড়ি, আলমাস মোড়, লাভলেইন মোড়, স্টেডিয়াম ও নাসিমন ভবন চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, কেন্দ্রীয় নেতা সৈয়দ ওয়াহিদুল আলম ও সাবেক সাংসদ রোজী কবির। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শ্রমিকনেতা নাজিম উদ্দিন, বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলন এখন সামনের দিকে যাবে। পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এখন পেছনে যাবেন হাসিনা এবং তাঁর সরকার ও আওয়ামী লীগ।’ সমাবেশে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, রোববারের স্বতঃস্ফূর্ত অবরোধ প্রমাণ করেছে, মানুষ এখন আর হাসিনা সরকার চায় না। সামনে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। অবরোধে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, আওয়ামী লীগের কাছে কেউ নিরাপদ নয়। তারা মানুষ হত্যার রাজনীতি করে। কিন্তু এখন আর সময় নেই। আন্দোলন শুরু হয়ে গেছে। এই সরকারের পতন অনিবার্য।সমাবেশ উপলক্ষে কাজীর দেউড়ি মোড় থেকে নেভাল মোড় পর্যন্ত এক পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নাসিমন ভবনের বাইরে রাস্তার পাশে ট্রাকের ওপর দাঁড়িয়ে নেতারা বক্তব্য দেন।