হরতালে সব স্বাভাবিক
জামায়াতে ইসলামীর ডাকা ২৪ ঘণ্টার হরতালে গতকাল বুধবার রাজধানীসহ সারা দেশের অবস্থা ছিল কার্যত স্বাভাবিক। রাজধানীর কোথাও কোনো পিকেটিং হয়নি। যানবাহন চলেছে অন্য দিনের মতোই।
ঢাকার বাইরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ১৪৪ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়।
আপিল বিভাগ দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদ এবং আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জামায়াত গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল দেয়।
রাজধানীতে গতকাল সকাল থেকে হরতালের পক্ষে জামায়াতের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটি দাবি করেছে, হরতালের সমর্থনে গতকাল রাজধানীতে তারা ২৮টি মিছিল করেছে।
হরতালে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান-বিপণিবিতানগুলো খোলা ছিল। অফিস-আদালতের কার্যক্রম ছিল স্বাভাবিক। শহরের রাস্তায় যান চলাচলও ছিল স্বাভাবিক। তবে অন্য দিনের চেয়ে ব্যক্তিগত গাড়ি ছিল কম। আর হরতালের প্রভাব ছিল দূরপাল্লার যাত্রায়। নগরের গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়েছে একেবারেই কম। বাসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে এবং যাত্রী কম থাকায় দিনের বেলায় বেশির ভাগ কোম্পানিই বাস ছাড়েনি। তবে সন্ধ্যার পর থেকে স্বাভাবিক ট্রিপ অনুযায়ী বাসগুলো ছেড়েছে।
ঢাকার বাইরে গ্রেপ্তার ১৪৪: জামায়াতের হরতালকে উপলক্ষ করে পাঁচ জেলা থেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ১৪৪ জনকে আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ। হরতালে নাশকতা চালানোর আশঙ্কা, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং বিভিন্ন মামলায় গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়।
নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ৩০ কর্মীসহ ৮৪ জনকে গ্রেপ্তার করেছে। এঁদের মধ্যে ২৮ জন জামায়াতের ও দুজন বিএনপির কর্মী। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন খান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী নগরে মঙ্গলবার বিকেল থেকে গতকাল সকাল পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মী-সমর্থককে আটক করা হয়। পুলিশের দাবি, তাঁদের অধিকাংশ নাশকতার মামলার আসামি। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ২৯ জনকে আটক করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে বিএনপি-জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার টিহাটি গ্রাম থেকে এক জামায়াত কর্মীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া একই রাতে টুঙ্গিপাড়ায় যুবদল ও ছাত্রদলের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, ঢাকা, রংপুর, সাতক্ষীরা ও রাজশাহী এবং ফরিদপুর অফিস, শেরপুর (বগুড়া) ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি]